ঢাকা ডেন্টালে ৫১ পদ সৃজন, গতিশীল হবে চিকিৎসা-শিক্ষা কার্যক্রম
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা ডেন্টাল কলেজে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকসহ নতুন করে ৫১টি পদ সৃজন করার অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
মঙ্গলবার (৩ জানুয়ারি) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ব্যয় ব্যবস্থাপনা-৬ অধিশাখার উপসচিব মোহাম্মদ শওকত উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘আদিষ্ট হয়ে ঢাকা ডেন্টাল কলেজের বিভিন্ন বিভাগের জন্য রাজস্বখাতে স্থায়ীভাবে ৪৩টি ও অস্থায়ীভাবে ৮টিসহ মোট ৫১টি পদ সৃজনে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছি।’
এতে আরও বলা হয়েছে, ‘অনুলিপির চার কপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখা-৬ এর যুগ্মসচিবের কাছে পাঠানো হয়েছে। এর এক কপি পৃষ্ঠাঙ্কনপূর্বক স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার কাছে পাঠানোর অনুরোধ করা হয়েছে।’
এ বিষয়ে আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল মেডিভয়েসকে বলেন, ‘৫১টি নতুন পদ সৃজন নতুন বছরের নবযাত্রা। নতুন বছরের প্রফেশনের জন্য একটি শুভ সংবাদও বটে। দেশের একমাত্র পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজে শিক্ষকের যে শূন্যতা ছিল, সেটি পূরণের ক্ষেত্রে একটি গুরুত্বপুর্ন ধাপ অতিক্রম করলাম।’
তিনি বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে যেসব পদ সৃজন হয়েছে, বিক্ষিপ্তভাবে সৃজনের কারণে বিভাগগুলোতে পদের অসামঞ্জস্যতা ছিল। ভিশনলেস পদ সৃজনের কারণে কলেজের শিক্ষা কার্যক্রম সঠিকভাবে চলছিল না। শিক্ষকদের বিষয়ভিত্তিক পদবিন্যাস সুষম ছিল না। এ অবস্থায় আমরা একটি লক্ষ্য নির্ধারণ করেছিলাম, যার অংশ হিসাবে আজকে এই ৫১টি পদ পেয়েছি। যে বিষয়গুলোতে অধ্যাপক পদ ছিল না, আজকে পদ সৃজনের মাধ্যমে প্রায় সকল বিষয়ের অধ্যাপক পদ পূরণ করা হয়েছে।’
ডেন্টাল অধ্যক্ষ বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় যে ১৪৮টি পদের প্রস্তবনা দিয়েছিল, তার মধ্যে ৫১টি আজকে দেওয়া হয়েছে। এর মাধ্যমে সকল বিষয়ে সমতা ও সামঞ্জস্য আনয়নের কাজ সম্পন্ন হলো। বাকি পদগুলোও খুব শিগগিরই পাবো। তবে সেক্ষেত্রে অতীতের মতো লম্বা প্রক্রিয়ায় যেতে হবে না। জনপ্রশাসন থেকে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে প্রস্তাবনা দেওয়া আছে, শুধু অর্থমন্ত্রণালয়ে আর একটি প্রস্তাবনা প্রেরণ করে প্রক্রিয়া এগিয়ে নিলে কাঙিক্ষত পদগুলোও অর্জন করতে পারবো ইনশাল্লাহ।’
তিনি আরও বলেন, ‘আজকে যে পদগুলো সৃজন হয়েছে, সেগুলোকে একটি বড় পদক্ষেপ হিসাবে বিবেচনা করা যেতে পারে। বিভিন্ন বিভাগে অসামঞ্জস্যতা দূর করার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। এসব পদ সৃজনের মধ্য দিয়ে আমাদের চিকিৎসা ও শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। আমাদের অবকাঠামোগতও একটি ভিশনারি প্রজেক্ট করেছি, গতিশীল থাকলে বলতে পারি, ঢাকা ডেন্টাল কলেজ অচিরেই একটি পূর্ণাঙ্গ অবস্থানে দাঁড়াবে।’
এএইচ
-
১৫ জুন, ২০২৬
-
২৪ ডিসেম্বর, ২০২৫
-
২৮ অক্টোবর, ২০২৪
-
০১ অক্টোবর, ২০২৪
-
০১ অক্টোবর, ২০২৪
-
২৯ সেপ্টেম্বর, ২০২৪