হৃদরোগ ইনস্টিটিউটে ষষ্ঠবারের মতো কাটাছেঁড়াবিহীন হার্টের ভাল্ব প্রতিস্থাপন
মেডিভয়েস রিপোর্ট: জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে কাটাছেঁড়া ছাড়া হার্টের ভাল্ব প্রতিস্থাপন অব্যাহত রয়েছে। এবার ষষ্ঠবারের মতো এ অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। গত ১ ডিসেম্বর সফলভাবে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়।
হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন আজ সোমবার (৫ ডিসেম্বর) রাতে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোগীর বুক না কেটে এবং অজ্ঞান না করেই অস্ত্রোপচার ব্যাপক চ্যালেঞ্জিং ও চমকের বিষয়। সারা বিশ্বের নব্বই ভাগ কার্ডিওলজিস্টরাই এ অস্ত্রোপচারগুলো করে থাকেন। এ টিমে সার্জন, অ্যানেসথেটিক থাকেন।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক বলেন, বিকাল ৩টায় শুরু হয়ে এ অস্ত্রোপচার শেষ হয় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে। এ নিয়ে এই ইনস্টিটিউটে ষষ্ঠবারের মতো কাটাছেঁড়াবিহীন হার্টের ভাল্ব প্রতিস্থাপন হলো। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কাটাছেঁড়াবিহীন উপায়ে একজনের হার্টের ভাল্ব প্রতিস্থাপন করা হয়।
অধ্যাপক মীর জামাল উদ্দিন বলেন, বেসরকারি পর্যায়ে এ ধরনের চারটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এর মধ্যে ইউনাইটেড হাসপাতালে দুইটি, অ্যাপোল হাসপাতালে একটি ও স্কয়ার হাসপাতালে একটি হার্টের ভাল্ব প্রতিস্থাপন হয়।
এই অস্ত্রোপচারের চ্যালেঞ্জগুলো তুলে ধরে হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক বলেন, সামগ্রিক প্রক্রিয়া কঠিন না হলেও টেকনোলজিটা খুবই আধুনিক। আর এটি ব্যয়বহুল হওয়ায় দেশে এটা কিছুটা কঠিন।
এই অস্ত্রোপচারে টাকা প্রধান প্রতিবন্ধকতা উল্লেখ করে তিনি বলেন, এই প্রক্রিয়ায় হার্টের ভাল্ব প্রতিস্থাপনে সরকারিতে ১০ লাখ এবং বেসরকারিতে ১২-১৫ লাখের মতো খরচ হয়ে যায়।
দেশের একাধিক ধরনের ভাল্ব পাওয়া যাচ্ছে জানিয়ে তিনি বলেন, একটি ভারতের অন্যটি যুক্তরাষ্ট্রের। ভারতেরটা ১০ লাখ ও যুক্তরাষ্ট্রেরটা আরেকটু বেশি খরচ হয়।
দেশে কাটাছেঁড়া ছাড়া হার্টের ভাল্ব প্রতিস্থাপনে শতভাগ সাফল্য রয়েছে জানিয়ে তিনি বলেন, দুই-একজনের বেলায় হয় তো একটু জটিলতা দেখা দেয়, কারও কারও ক্ষেত্রে একটি পেস মেকার লাগাতে হয়। ১০ ভাগ রোগীর বেলায় এমনটি দরকার পড়ে। সর্বশেষ রোগীকেও এটা লাগাতে হয়েছে। আশ্চর্যজনক বিষয় হলো, ৭৫ বছর বয়স্ক এই রোগী পূর্বে বাইপাস সার্জারি করা। বাইপাস করা রোগীকে দ্বিতীয়বার ওপেন হার্ট সার্জারি করা ঝুঁকিপূর্ণ, এতে রোগীর শতভাগ মৃত্যুর আশঙ্কা থাকে। সে কারণে কাটাছেঁড়া ছাড়া হার্টের ভাল্ব প্রতিস্থাপন খুবই নিরাপদ।
অস্ত্রোপচারের পর রোগী সম্পূর্ণ স্থিতিশীল আছে উল্লেখ করে তিনি আরও জানান, তার অবস্থা অগ্রগতির দিকে।