০২ নভেম্বর, ২০২২ ০৪:১৪ পিএম

দেশে বছরে ক্যান্সারে লক্ষাধিক মানুষ মারা যায়: স্বাস্থ্যমন্ত্রী

দেশে বছরে ক্যান্সারে লক্ষাধিক মানুষ মারা যায়: স্বাস্থ্যমন্ত্রী
এক বছরে করোনার চেয়ে ক্যান্সারে তিনগুণ বেশি মানুষ মৃত্যুবরণ করেন।

মেডিভয়েস রিপোর্ট: দেশে এক বছরে দেড় লাখ মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হয় এবং লক্ষাধিক মানুষ মারা যায় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

আজ বুধবার (২ নভেম্বর)  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এ ব্লকের অডিটোরিয়ামে ইলেকট্রনিক ডাটা ট্রাকিংসহ জনসংখ্যা ভিত্তিক জরায়ু-মুখ ও স্তন ক্যানসার স্ক্রিনিং কর্মসূচি সংক্রান্ত তথ্য ও ফলাফল প্রকাশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এক বছরে করোনার চেয়ে ক্যান্সারে তিনগুণ বেশি মানুষ মৃত্যুবরণ করেন। ক্যান্সার নির্মূলে সচেতনার খুবই প্রয়োজন। নিয়ন্ত্রিত জীবনযাপন, ধূমপান না করা, তামাক সেবন না করা, ফ্যাটিফুড কম খাওয়া, ভেজাল খাবার না খাওয়াসহ কিছু বিধিনিষেধ মেনে চললে ক্যান্সার নির্মূল করা সম্ভব।

তিনি বলেন, ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে দেশকে আরও এগিয়ে নিতে হবে। বিভাগীয় পর্যায়ে নির্মাণাধীন হাসপাতালগুলোতে ক্যান্সার সেন্টার থাকবে। ক্যান্সারের চিকিৎসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির ব্যবস্থা করা হবে।

ডেঙ্গু প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ পযর্ন্ত ডেঙ্গুতে দেড় শত মানুষ মারা গেছেন এবং ৪০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। গত অক্টোবর মাসে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন। এখন পযর্ন্ত ৫০ টি জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। তবে চিকিৎসার জন্য সরকারের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে মশা নিধন কার্যক্রম আরও জোরদার করতে হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিএসএমএমইউ’র ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, স্তন ও জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং কার্যক্রম সফল করতে হবে। ক্যান্সারের আক্রান্ত অধিকাংশ রোগীরা তৃতীয় ও চতুর্থ ধাপে আসেন, ফলে বেশিরভাগ রোগীকেই বাঁচানো সম্ভব হয় না। কিন্তু শুরুতে ক্যান্সার নির্ণয় করা গেলে তাদেরকে বাঁচানো সম্ভব।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জাতীয় জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার নির্ণয় ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. আশরাফুন্নেসা বিস্তারিত তুলে ধরে বলেন, এই কর্মসূচির অধীনে গত পাঁচ বছরে ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত ২৪ লাখ মহিলার স্ক্রিনিং করা হয়েছে।  যাদের মধ্যে পাঁ দশমিক ৭১ শতাংশ অর্থাৎ এক লাখ ৪১ হাজার আট শত ৫৪ জনের ভায়া (জরায়ু মুখ ক্যান্সার) পজেটিভ ছিলো এবং এক দশমিক ৩৪ শতাংশ অর্থাৎ ৩২ হাজার দুই শত ৩৪ জনের সিবিই (স্তন ক্যান্সার) পজেটিভ ছিলো। ভায়া পজেটিভ মহিলাদের মধ্যে ৪৯ হাজার নয় শত ৫৩ জনের কল্পোসকপি, ১২ হাজার নয় শত ৪৪ জনের হিস্টোপ্যাথলজি করা হয়েছে এবং ২০ হাজার ৩০ জনের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

তিনি জানান, এই রোগের বিষয়ে গবেষণা কার্যক্রম শুরু করার লক্ষ্যে একটি এইচপিভি-ডিএনএ গবেষণাগার স্থাপন করা হয়েছে।

দেশের মহিলাদের জরায়ু মুখ ও স্তন ক্যান্সারের হার সম্পর্কে অধ্যাপক ডা. আশরাফুন্নেসা বলেন, জাতীয় জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার নির্ণয় ও প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রমের ফলে ২০১২ সালে স্তন ক্যান্সারের হার ২৩ দশমিক নয় শতাংশ থেকে ২০২২ সালে ১৯ শতাংশে নেমে এসেছে অর্থাৎ চার মশমিক নয় শতাংশ হ্রাস পেয়েছে এবং একই সময়ে জরায়ু মুখ স্তন ক্যান্সারের হার ১৯ দশমিক তিন শতাংশ থেকে ১২ শতাংশে নেমে এসেছে অর্থা সাত দশমিক তিন শতাংশ হ্রাস পেয়েছে। ২০১২ সালে ৬২ হাজার ১৯ জনের স্ক্রিনিং করে ১৪ হাজার ৮ শত ৩৬ জনের (২৩ দশমিক নয় শতাংশ) সিবিই পজেটিভ পাওয়া যায় এবং ১১ হাজার নয় শত ৫৬ জনের (১৯ দশমিক নয় শতাংশ) ভায়া পজেটিভ পাওয়া যায়। ২০২২ সালে ৬৮ হাজার সাত শত জনের স্ক্রিনিং করে ১৩ হাজার ২৮ জনের (১৯ শতাংশ) সিবিই পজেটিভ পাওয়া যায় এবং আট হাজার দুই শত ৬৮ জনের (১২ শতাংশ) ভায়া পজেটিভ পাওয়া যায়।

তিনি আরও বলেন, এই কর্মসূচীর অধীনে স্ক্রিনিং করার জন্য ইতোমধ্যে সাত লাখ মহিলাকে প্রি-রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা হয়েছে।

ক্যান্সার নিয়ন্ত্রণের কৌশল সম্পর্কে এই চিকিৎসক বলেন, ভ্যাক্সিনেশন প্রোগ্রাম, পপুলেশন কভারেজ বৃদ্ধি এবং স্ক্রীনিংকৃত পজিটিভ মহিলাদের চিকিৎসা, জনবল ও যন্ত্রপাতির সক্ষমতা বৃদ্ধি, রেডিওথেরাপি, অনকোসার্জারি, হসপিটাল প্যাথলজি সেবা শক্তিশালী করা প্রয়োজন।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ডা. আশরাফুন্নেসা বলেন, জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং ফ্যাসিলিটি এবং ইলেক্রনিক ডাটা ট্র্যাকিং সেবা আটটি বিভাগের ৬৪টি জেলার ২০০ থেকে ৪৯২টি উপজেলায় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে সম্প্রসারণ এবং ৩১টি কল্পোস্কপি রেফারাল কেন্দ্র হতে ৩৭টিতে উন্নীতকরণ করণের কার্যক্রম চলমান রয়েছে। কেন্দ্রের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের মাধ্যমে ১০ম তলায় জরায়ু মুখ ক্যান্সার রোগীদের জন্য ৪৫ শয্যা এবং ১১তম তলায় ৪৫ শয্যা বিশিষ্ট One Stop Breast Clinic স্থাপন ও স্তন ক্যান্সার রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হবে। সিবিই স্ক্রীনিং পজিটিভ এবং স্তন ক্যান্সার রোগীদের  উন্নত চিকিৎসা সেবা প্রদানের জন্য ৩৭টি ব্রেস্ট ক্লিনিক স্থাপন করা হবে। জরায়ু মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গবেষণা কর্ম সম্পাদন করা হবে। অনকোলজি বিল্ডিং (ব্লক-এফ) এ পেডিয়াট্রিক কার্ডিওলজির জন্য নির্মাণাধীন অষ্টম ও নবম তলার উপরে প্রকল্পের অধীনে ৩৩ হাজার ৫১২ বর্গফুট জায়াগার উপর দুটি তলা (১০ম ও ১১তম) নির্মাণ করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব রাশেদা আকতার, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) সাহান আরা বানু, ইউএনএফপিএ’র  হেলথ চীফ বিহাবেন্দ্র এস রঘুবংশী (Vibhavendra S Raghuvanshi)।

আরও  উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ- উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন,  উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলালসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক  ও কর্মকর্তারা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক