আবারও ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’
মেডিভয়েস রিপোর্ট: আজও ঢাকার বাতাসের মান 'অস্বাস্থ্যকর' অবস্থায় রয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১০১ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ১০তম স্থানে অবস্থান করছে। আর পাকিস্তানের লাহোর, ভারতের দিল্লি ও দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ১৮১, ১৫৯ এবং ১৪১ একিউআই স্কোর নিয়ে তালিকায় প্রথম তিনটি স্থান দখল করেছে।
পরিবেশ অধিদপ্তরের নির্ধারিত মান মাত্রায় ৫০ একিউআই বায়ুকে স্বাভাবিক ধরা হয়। বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। একইভাবে, ২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোর 'খারাপ' বলা হয়, যেখানে ৩০১ থেকে ৪০০-এর স্কোর 'ঝুঁকিপূর্ণ' বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।
সাধারণত ঢাকার বাতাসের গুণমান শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।
ক্যাপসের গবেষণায় জানা গেছে, বায়ু দূষণের প্রাকৃতিক কারণগুলোর মধ্যে আবহাওয়াজনিত ও ভৌগলিক কারণ উল্লেখযোগ্য। মানব সৃষ্ট কারণগুলোর মধ্যে ইটভাটা ও শিল্প কারখানা, অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত রাস্তা খোঁড়াখুঁড়ি ও নির্মাণকাজ উল্লেখযোগ্য। এ ছাড়া যানবাহনের কালো ধোঁয়া, আন্তঃদেশীয় বায়ু দূষণ, গৃহস্থালী ও রান্নার চুলা থেকে নির্গত দূষক এবং বর্জ্য পোড়ানোর থেকে বায়ু দূষণ হয়ে থাকে।
বিশেষজ্ঞদের মতে, একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে দূষিত বায়ুতে শ্বাস নেয়ার কারণে হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের রোগ, ফুসফুসের সংক্রমণ এবং ক্যান্সার হওয়ার বেশি সম্ভাবনা থাকে।