০৮ সেপ্টেম্বর, ২০২২ ০৯:৫২ পিএম

ভাতা বৃদ্ধির দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

ভাতা বৃদ্ধির দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ
সর্বস্তরের ইন্টার্ন চিকিৎসকদের ব্যানারে খুলনার সাতরাস্তা মোড়ের শহীদ ডা. মিলন চত্ত্বরে এ কর্মসূচি পালিত হয়।

মেডিভয়েস রিপোর্ট: পর্যাপ্ত ভাতা ও কর্মস্থলের নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে ইন্টার্ন চিকিৎসকরা। আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সর্বস্তরের ইন্টার্ন চিকিৎসকদের ব্যানারে খুলনার সাতরাস্তা মোড়ের শহীদ ডা. মিলন চত্ত্বরে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে ইন্টার্ন চিকিৎসকদের দাবির সাথে একমত পোষণ করে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনা জেলা শাখার সভাপতি ডা. শেখ বাহারুল আলম, বিএমএ’র খুলনার জেলা শাখার সাধারণ সম্পাদক পদপ্রার্থী ডা. জিল্লুর রহমান তরুণ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) যুগ্ম সম্পাদক ডা. সুমন রায়।

এ প্রসঙ্গে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) সভাপতি ডা. সৈকত ঘোষ মেডিভয়েসকে বলেন, ‘ইন্টার্ন চিকিৎসকদের পর্যাপ্ত ভাতা বৃদ্ধি, কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিতকরণ, চিকিৎসকদের হয়রানি বন্ধ, কর্মস্থলে সরঞ্জাম সংকট দূরীকরণ, ইন্টার্ন চিকিৎসকদের আবাসন নিশ্চিতকরণ, দায়িত্ব চলাকালীন নারী-পুরুষ চিকিৎসকদের জন্য ভিন্ন ভিন্ন বিশ্রামাগার তৈরি, রোগ নির্ণয়ের জন্য ইমেজিং ও প্যাথলজি সেন্টার খোলাসহ এই দাবিগুলো আমরা মানববন্ধনে জানিয়েছি।’

‘আমাদের সঙ্গে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিশনের নেতারা একমত পোষণ করেছেন। এর আগেও আমরা বিভিন্ন জায়গায় আমাদের দাবির কথা বলেছি, কিন্তু কাজ হয়নি। এবার আমরা বিক্ষোভ সমাবেশ করেছি’, যোগ করেন তিনি।

জানতে চাইলে ডা. জিল্লুর রহমান তরুণ মেডিভয়েসকে বলেন, সরকারি মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা মাত্র ১৫ হাজার টাকা ভাতা পান। বেসরকারি মেডিকেলে অনেক জায়গায় ভাতা পান, আবার পানও না, পাইলেও নামমাত্র। এ বিষয়গুলো নিয়ে ইন্টার্ন চিকিৎসকরা বিক্ষোভ করেছেন। আগামী ১৫ সেপ্টেম্বর বিএমএ খুলনা জেলা শাখার নির্বাচনের ডা. বাহার-ডা. তরুণ পরিষদের পক্ষ থেকে তাদের সাথে সংহতি জানিয়েছে ও দাবির সাথে একমত পোষণ করেছে। ইন্টার্ন চিকিৎসকরা নিরাপদ কর্মস্থলেরও দাবি জানিয়েছে।

তিনি আরও বলেন, ‘উচ্চশিক্ষা সহজীকরণ, বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান ও ট্রাস্টি প্রতিষ্ঠানসহ যেগুলো বিভিন্ন ফাউন্ডেশনের মাধ্যমে চলে, সেগুলো রাষ্ট্রীয়করণ করে এমপিওভুক্ত করার দাবি জানিয়েছে ইন্টার্নরা। সরকারি-বেসরকারি সকল চিকিৎসকদের বেতন আসবে, রাষ্ট্রের সুনির্দিষ্ট একটা খাত থেকে। প্রাইভেট চিকিৎসক চাচ্ছি না, আমরা চাচ্ছি, রাষ্ট্রের সকল চিকিৎসক রাষ্ট্রের থাকবে।’

ডা. বাহারুল আলম মেডিভয়েস বলেন, বিক্ষোভ সমাবেশে বিএমএ নেতৃবৃন্দ ইন্টার্ন চিকিৎসকদের দাবির প্রতি একমত ও সমর্থন জানিয়ে বক্তব্য দিয়েছে। আর তাদের দাবিগুলো খুব স্পষ্ট। তাদের দাবি সরকার বা রাষ্ট্র চাইলেই মেনে নিতে পারে। অনেক সময় ধরে কালক্ষেপণ করা হচ্ছে। তাদের কাছ থেকে সেবা নেওয়া হয়। বিনিময়ে হাসপাতালগুলো হাজার হাজার কোটি টাকা লাভ করে। তাদের জীবন ধারণের জন্য যতটুকু বেতন-ভাতা দেওয়া প্রয়োজন তাও দেওয়া হয় না। বেসরকারিখাতে এমনও মেডিকেল আছে, যেখানে কোনো ভাতা দেওয়া হয় না, এটা অমানবিক। যেখানে দেওয়া হয়, কোথাও ছয় হাজার আবার কোথাও ১০ হাজার আর সরকারি হাসপাতালে ১৫ হাজার টাকা দেওয়া হয়। এই ধরনের সিদ্ধান্ত যারা নেয়, তাদের বিরুদ্ধে খুব দ্রুত প্রতিকার গ্রহণ করতে হবে। সেই সাথে ইন্টার্ন ভাতা পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি করতে হবে।

তিনি আরও বলেন, ইন্টার্নরা হলো হাসপাতালের প্রাণ। তাদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে সরকারের তেমন উদ্যোগ নেই। প্রতিনিয়ত ইন্টার্ন চিকিৎসকরা রোগীর স্বজনদের রোষানলে পড়েন। হাসপাতালে নারী-পুরুষ ইন্টার্নদের জন্য আলাদা কোনো বাথরুম নেই। এমন অসংখ্য সংকট নিয়ে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালে দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুমেক হাসপাতাল ইচিপের উপদেষ্টা ডা. তানভীর ইসলাম শুভ ও খুমেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাবেক আহ্বায়ক কামরুজ্জামান কামরুল উপস্থিত ছিলেন। বিক্ষোভ সমাবেশ শেষে বিএমএ বরাবর স্মারকলিপি প্রদান করেন ইন্টার্ন চিকিৎসকরা। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক