চমেকে ডা. মিজানের ওপর হামলার ঘটনায় বিএমএ’র নিন্দা
মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মিজানুর রহমান চৌধুরীর ওপর রোগীর দর্শনার্থীর হামলার ঘটনায় চট্টগ্রাম বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বিএমএ) সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান এবং সাধারণ সম্পাদক ডা. মো. ফয়সল ইকবাল চৌধুরী তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
আজ বুধবার (৬ জুলাই) বিএমএ‘র চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ ফয়সল ইকবাল চৌধুরী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এক যুক্ত বিবৃতিতে তারা বলেন, গত ৩ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মিজানুর রহমান চৌধুরীর ওপর মো. রিয়াজুল ইসলাম তার কতিপয় সহযোগীসহ শারীরিকভাবে আক্রমণ করে। পরবর্তীতে উক্ত ব্যক্তি তার প্রভাবশালী আত্মীয় উপ-সচিবেন নাম উল্লেখ করে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি প্রদান করে।
চিকিৎসকদের সরকারি কাজে বাধা প্রদান করেও তারা ক্ষান্ত হয় নাই উপরন্তু গত ৫ জুলাই মিথ্যা ও বানোয়াট নারী নির্যাতনের অভিযোগ এনে একটি মামলা দায়ের করে।
ডা. মিজানুর রহমান চৌধুরী চট্টগ্রাম মেডিকেল কলেজের একজন সিনিয়র শিক্ষক ও চিকিৎসক। অদ্য ৬ জুলাই এক জরুরি সভায় চট্টগ্রাম বিএমএ চিকিৎসকের ওপর নির্যাতন ও মিথ্যা মামলার বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে।
এ ঘটনার প্রতিবাদে আগামীকাল ৭ জুলাই দুপুর ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন আয়োজন এর সিদ্ধান্ত গৃহীত হয়। চিকিৎসক নির্যাতন এবং মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার না করা হলে কর্মবিরতিসহ কঠোর পদক্ষেপ নিতে চট্টগ্রাম বিএমএ বাধ্য হবে।
সারাদেশে চিকিৎসক নির্যাতনের ধারাবাহিকতায় চিকিৎসকের ওপর এই আক্রমণে চট্টগ্রাম বিএমএ মর্মাহত। সারাদেশে চিকিৎসকদের নিরাপত্তা ও সুষ্ঠু কর্মপরিবেশ রক্ষায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান ও রাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করে চট্টগ্রাম বিএমএ।
-
১৬ মে, ২০২৬
হার্ট অ্যাটাকের রোগীর মৃত্যুর জের
শরীয়তপুরে রোগীর স্বজনদের সংঘবদ্ধ হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসক
-
২১ এপ্রিল, ২০২৬
দোষীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি
ক্যান্সার হাসপাতালের উপ পরিচালককে কুপিয়ে জখম: ড্যাবের নিন্দা ও প্রতিবাদ
-
১৬ ফেব্রুয়ারী, ২০২৬