নিহতের সংখ্যা সংশোধন, সীতাকুণ্ডে প্রাণহানি ৪১
মেডিভয়েস রিপোর্ট: সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ৪১ জন বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান।
চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমানও বিষয়টি নিশ্চিত করে জানান, একাধিক হাসপাতালে মরদেহ থাকায় গণনায় ভুল হয়েছে। একই মরদেহ দুইবার গণনা হয়েছে। পরে সবগুলো মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসার পর প্রকৃত সংখ্যা ৪১ জন পাওয়া গেছে।
সোমবার (৬ জুন) দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান সাংবাদিকদের বলেন, ‘আমরা ৪১টি লাশ পেয়েছি। তার মধ্য গতকালই ১৮ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরিচয় শনাক্ত হয়েছে ২৪ জনের। হস্তান্তর করা হয়েছে ২১টি মরদেহ। তাদের মধ্যে ৯ জন ফায়ার সার্ভিসের।’
প্রসঙ্গত, শনিবার (৪ জুন) রাত ৯টার দিকে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। এর পর কনটেইনারগুলো একের পর এক বিস্ফোরিত হতে থাকে। বিস্ফোরণে ঘটনাস্থল থেকে তিন-চার কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। এ ঘটনায় নিহত হয়েছেন ৪১ জন ও আহত হয়েছেন দুই শতাধিক।