গণস্বাস্থ্য কেন্দ্রে কিডনি ডায়ালাইসিসে খরচ আরও কমলো
মেডিভয়েস রিপোর্ট: দেশের কিডনি বিকল দরিদ্র রোগীদের চিকিৎসা ব্যয় কমাতে ডায়ালাইসিস খরচ আরও কমিয়েছে গণস্বাস্থ্য হাসপাতাল।
আজ বুধবার (১৩ এপ্রিল) গণস্বাস্থ্য হাসপাতালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়েছে, বিকল কিডনি রোগীদের বেঁচে থাকার একমাত্র চিকিৎসা ডায়ালাইসিস। কিন্তু ডায়ালাইসিস সেবা ব্যয়বহুল। বিকল কিডনি রোগীদের বেশির ভাগই অন্য অসংক্রমক রোগে আক্রান্ত থাকে। এ ছাড়া অন্যান্য চিকিৎসা খরচ, ওষুধ, যাতায়াত, বিশেষ খাবার ইত্যাদি রয়েছে। দেখা যায়, যে আর্থিক অবস্থারই হউক না কেন এই সকল রোগীরা ধীরে ধীরে দরিদ্র থেকে দরিদ্রতর হতে থাকে। এক পর্যায়ে তারা ডায়ালাইসিস করাতেও পারে না।
এ কারণে গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার ডায়ালাইসিসের খরচ কমানোর পরেও বিকল কিডনি রোগীরা শুধুমাত্র টাকার অভাবে নিয়মিত ডায়ালাইসিস করাতে পারছেন না। আর এবারে খরচ আরও কমিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে হাসপাতালটি। গণস্বাস্থ্য কেন্দ্র সমাজের অবস্থা সম্পন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তায় প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৩২০ জন বিকল কিডনি রোগীদের নামমাত্র খরচে গুণগত মানের সেবা নিশ্চিত করতে চেষ্টা করে যাচ্ছে।
এতে আরও জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৪ এপ্রিল) থেকে গণস্বাস্থ্য হাসপাতালে দরিদ্র বিকল কিডনি রোগীদের ডায়ালাইসিসের আর্থিক গ্রুপভিত্তিক খরচ আরোও কমানো হয়েছে। দূর থেকে আসা বা কর্মজীবী বিকল কিডনি রোগীদের জন্য গণস্বাস্থ্য নগর হাসপাতালে রাত ৮টা থেকে ভোর ৫টার বিশেষ শিফটে আর্থিক গ্রুপ ভিত্তিতে ৫০০ টাকা থেকে এক হাজার টাকায় হেমোডায়ালাইসিস করার সুবিধা দেওয়া হবে। এ ছাড়া ডায়ালাইসিস চলাকালীন সময়ে হাসপাতাল থেকে ফ্রি খাওয়া এবং ডায়ালাইসিস শেষে রয়েছে বিশ্রামের ব্যবস্থা।
এ ছাড়া ঢাকা শহরের আশেপাশে রাতের শিফটের রোগীকে ১০০ টাকায় বাড়িতে পৌঁছে দেওয়া হবে। সপ্তাহে তিনটি সেশনের অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রেও বিশেষ ছাড় দেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।