বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চেষ্টার কোনো ত্রুটি ছিল না: বিএসএমএমইউ ভিসি
মেডিভয়েস রিপোর্ট: বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চেষ্টার কোনো ত্রুটি ছিল না, সবাইকে নিয়ে কাজ করতে চাই বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ১১ টায় শহীদ ডা. মিল্টন হলে তাঁর দায়িত্ব গ্রহণের এক বছরের গৃহীত বিশেষ কার্যক্রম সমূহ নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান।
সংবাদ সম্মেলনে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও মহামান্য রাষ্ট্রপতি জনাব মো. আবদুল হামিদ ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর চিকিৎসা শিক্ষা, চিকিৎসা সেবা ও গবেষণাসহ জাতির পিতার নামে প্রতিষ্ঠিত প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে গত এক বছরে চেষ্টার কোনো ত্রুটি ছিলো না। শুধু প্রশংসা নয়, গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করছি। আমি মনে করি, গঠনমূলক সমালোচনা বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে সহায়ক হবে। গত এক বছরের মতো আগামী দিনেও সবাইকে নিয়ে কাজ করতে চাই। সবার সহযোগিতার ফলে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে ধারাবাহিকতা শুরু করতে পেরেছি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশিত গবেষণা কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং এই কার্যক্রম আরো জোরদার গতিতে নেওয়া হবে। চিকিৎসাসেবার ক্ষেত্রেও দেশের প্রধানতম প্রতিষ্ঠান হিসেবে বিশ্বমানের চিকিৎসাসেবা ও সকল ধরণের রোগ নির্ণয়ের পরীক্ষা নিরীক্ষা নিশ্চিত করা হবে।
তিনি আরো বলেন, অত্র বিশ্ববিদ্যালয়ের অধীনে চালু হওয়ার অপেক্ষায় থাকা দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল চালু হলে রোগীদেরকে চিকিৎসাসেবার জন্য আর বিদেশে যেতে হবে না। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান উচ্চতর চিকিৎসা শিক্ষা কার্যক্রম আরো গতিশীল ও সম্প্রসারণ করার সাথে সাথে এই বিশ্ববিদ্যালয়ের অধীনে আন্ডার গ্রাজুয়েট কোর্সও চালু করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. সালাহউদ্দিন শাহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান।