২৭ ফেব্রুয়ারী, ২০২২ ০১:০৫ পিএম

জ্যেষ্ঠ চিকিৎসকদের সম্মান দিতে হবে: বিএসএমএমইউ ভিসি

জ্যেষ্ঠ চিকিৎসকদের সম্মান দিতে হবে: বিএসএমএমইউ ভিসি
অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

মেডিভয়েস রিপোর্ট: ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নব নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের উদ্দেশ্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, সিনিয়র চিকিৎসকদের সম্মান দিতে হবে। রোগী সেবার প্রতি পূর্ণ মনোযোগী হতে হবে।

আজ রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নব নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এই সরকারের আমলে ব্যাপক স্বাস্থ্যকর্মী নিয়োগের কথা তুলে ধরে ডা. শারফুদ্দিন বলেন, সরকারের উদ্দেশ্যের প্রতি সম্মান জানিয়ে সবাইকে তৃণমূলে পূর্ণ পেশাদারিত্ব নিয়ে স্বাস্থ্যসেবা দিয়ে যেতে হবে।

এ সময় নবীন চিকিৎসকদের অভিনন্দন জানিয়ে তাঁদের রোগীদের সেবায় বেশি করে আত্মনিয়োগ করার আহ্বান জানান বিএসএমএমইউ ভিসি।

তিনি বলেন, বাংলাদেশে চিকিৎসা পেশায় নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সংখ্যার দিক দিয়ে পুরুষের থেকে চিকিৎসা পেশায় নারীরা অনেক এগিয়ে রয়েছেন। তবে বর্তমান বাস্তবতায় এবং অদূর ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে এবং চিকিৎসাপেশায় রোগীদের সার্বক্ষণিক ও জরুরি সেবাকে গুরুত্ব দিয়ে নারী চিকিৎসকদের সাথে সাথে সংখ্যার দিক দিয়ে পুরুষ চিকিৎসকদেরও সমানতালে এগিয়ে আসতে হবে, সুযোগ তৈরি করতে হবে এবং এ বিষয়ে নীতিনির্ধারণী কর্তৃপক্ষকেরও ভাবা উচিত।

দেশের প্রান্তিক চিকিৎসার অগ্রগতির কথা তুলে ধরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের বরেণ্য ব্যক্তিরা বাংলাদেশে কম মূল্যে চিকিৎসা নিশ্চিত হওয়ার প্রশংসা করেছেন।’

তিনি আরও বলেন, পুরস্কারের আশায় না থেকে দায়বোধ থেকে দায়িত্ব চালিয়ে যেতে হবে নবীন চিকিৎসকদের। প্রান্তিক পর্যায়ে সব সময় পরিবেশ অনুকূলে থাকে না উল্লেখ করে সর্বোচ্চ বুদ্ধিমত্তা নিয়ে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সাইফুল হাসান বাদল, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন, বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, বিএমএ মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী, স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক