চিকিৎসকদের সাহিত্য চর্চায় মনোনিবেশের আহ্বান বিএসএমএমইউ ভিসির
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বই লেখার মাধ্যমে একজন লেখকের পক্ষে অমরত্ব লাভ করা সম্ভব। সবাইকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কিন্তু যিনি বই লিখেছেন সেই বই তাকে অমর করে রাখবে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় কবি মালা ভৌমিকের ২য় কাব্যগ্রন্থ ‘প্রাণন স্পন্দন’ এর মোড়ক উন্মোচন করে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় চিকিৎসকদেরও চিকিৎসাসেবার পাশাপাশি বই লেখার এবং সাহিত্যের প্রতি অনুরাগী হওয়ার আহ্বান জানান অধ্যাপক শারফুদ্দিন আহমেদ। তিনি মালা ভৌমিকের ২য় কাব্যগ্রন্থ ‘প্রাণন স্পন্দন’ এর প্রশংসা করেন এবং তাঁর সাহিত্য চর্চার সফলতা কামনা করেন।
অমর একুশে গ্রন্থমেলা ২০২২ এর সোহরাওয়ার্দী উদ্যানের মোড়ক উন্মোচন মঞ্চে এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অসীম সরকার, হাওলাদার প্রকাশনীর প্রকাশক মো. মাকসুদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সালাহউদ্দিন শাহ, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বিজয় কুমার পাল, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. নাজির উদ্দি মোল্লাহ, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল হাকিম, ভাইস চ্যান্সেলর এর পিএস-১ সহযোগী অধ্যাপক ডা. মো. রাসেল, পিএস-২ সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ বৈরাগী, স্পেশাল অ্যাসাইনমেন্ট অফিসার ড. আশিকুর রহমান বিপ্লব, জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত মজুমদার, মিডিয়া সেলের সমন্বয় সুব্রত বিশ্বাস প্রমুখসহ মালা ভৌমিকের পরিবারবর্গের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মালা ভৌমিক ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার সিলিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা স্বর্গীয় বলরাম ভৌমিক এবং মা গোলাপী ভৌমিক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ও একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। চাকরির পাশাপাশি তিনি বর্তমান সময়ের নানাবিধ বিষয়, জাতীয় চেতনা, সৃষ্টিকর্তা, মানবতাবোধ, প্রেম, ও প্রকৃতি নিয়ে কবিতা লিখতে ভালোবাসেন। তিনি কাব্যের মাধ্যমে মানুষের মাঝে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। ২০২০ সালের অমর একুশে গ্রন্থমেলায় তার প্রথম কাব্যগ্রন্থ ‘অনুভূতির অনুকাব্য’ প্রকাশিত হয়। ‘প্রাণন স্পন্দন’ বইটি সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলায় হাওলাদার প্রকাশনী, স্টল নং ৩৩৭,৩৩৮, ৩৩৯-এ পাওয়া যাচ্ছে। এ ছাড়া রকমারী ডট কম থেকেও বইটি সংগ্রহ করা যাচ্ছে।