করোনা: স্বাস্থ্য মহাপরিচালকের সংবাদ সম্মেলন বিকেলে
মেডিভয়েস রিপোর্ট: দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ সোমবার (১৭ জানুয়ারি) সংবাদ সম্মেলন ডেকেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণ পরিস্থিতি ও করণীয়, হাসপাতালের প্রস্তুতিসহ নানা বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন স্বাস্থ্য মহাপরিচালক।
স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের (১৬ জানুয়ারি) তথ্য অনুযায়ী, সর্বশেষ দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ১৪৪ জন। এ সময় করোনা শনাক্ত হয়েছে পাঁচ হাজার ২২২ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৬ লাখ ১৭ হাজার ৭১১ জন।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ। দেশে এ পর্যন্ত করোনায় ২৮ হাজার ১৪৪ জন মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৭ হাজার ৯৯৪ জন (৬৩ দশমিক ৯৪ ভাগ) ও নারী ১০ হাজার ১৫০ জন (৩৬ দশমিক শূন্য ছয় ভাগ)।
