এই মুহূর্তে লকডাউন নয়: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: এই মুহূর্তে সরকার লকডাউনের বিষয়ে ভাবছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার (৩ ডিসেম্বর) করোনার নতুন ধরন অমিক্রন পরিস্থিতি নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।
করোনাভাইরাসের টিকা নেওয়ার সনদ ছাড়া হোটেলে খাবার খাওয়া যাবে না জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ১৫ দিনের মধ্যে এ সিদ্ধান্ত কার্যকর হবে। তিনি বলেন, এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা জারি করা হবে।
বৈঠকে গণপরিবহনে যাত্রী চলাচলের ক্ষেত্রে নির্ধারিত আসনের চেয়ে কম যাত্রী পরিবহনের বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
উপস্থিত ছিলেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. লোকমান হোসেন মিয়া, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহেনুর মিয়া।
এ ছাড়া বৈঠকে ভার্চুয়ালি সারাদেশ থেকে যুক্ত হন ডিসি, এসপি, ডিআইজি, পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার, স্বাস্থ্য বিভাগের পরিচালক, সিভিল সার্জন, স্বাস্থ্য, প্রশাসন ও স্বরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রসঙ্গত, বিশ্বজুড়ে বিভিন্ন দেশে অমিক্রন দ্রুত ছড়াচ্ছে। প্রতিবেশি দেশ ভারতে প্রতিদিনই এ ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে পশ্চিমবঙ্গে বিধিনিষেধ জারি করা হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশে মোট অমিক্রন আক্রান্তের সংখ্যা সাতজন।
গত ১১ ডিসেম্বর জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার অমিক্রনে আক্রান্ত হয়েছিলেন। ২০ ডিসেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, অমিক্রনে আক্রান্ত হওয়া বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই খেলোয়াড় ভালো আছেন এবং তারা করোনা নেগেটিভ হয়েছেন।
-
৩১ ডিসেম্বর, ২০২৪
-
২৯ নভেম্বর, ২০২২
-
২৪ নভেম্বর, ২০২২
-
০৬ অগাস্ট, ২০২২
-
১২ মে, ২০২২
-
০৮ জানুয়ারী, ২০২২
-
০৮ জানুয়ারী, ২০২২
-
০৩ জানুয়ারী, ২০২২
-
১৯ ডিসেম্বর, ২০২১