প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেবে সরকার
মেডিভয়েস রিপোর্ট:পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ পরিবর্তন করতে যাচ্ছে সরকার। এ বিষয়ে ব্যবস্থা নিতে শিগগিরিই শিক্ষা মন্ত্রণালয় হয়ে মন্ত্রিপরিষদে পাঠানো হবে বলে সূত্রে জানা যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্তৃপক্ষ বোর্ড অব ট্রাস্টিজে শিক্ষাবিদদের অন্তর্ভুক্ত করার বিধান আসছে। ট্রাস্টি বোর্ডের পরিধি ৯ জনের পরিবর্তে ১৫ জন করে অন্তত ৫ জন শিক্ষাবিদ রাখার বিধান রেখে বিদ্যমান বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের সুপারিশ করা হচ্ছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেবে সরকার। অর্থাৎ, এখন ট্রাস্টি বোর্ড থেকে উপাচার্যের প্যানেল দেওয়ার যে সুপারিশ রয়েছে সেটি রহিত হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতোই সরকারই নিয়োগ দেবে ভিসি-প্রোভিসি ও ট্রেজারার।
সংশোধনী প্রস্তাবে সিন্ডিকেটে ইউজিসি মনোনীত শিক্ষাবিদ সদস্য যুক্ত করা, প্রতি দুই মাসে অন্তত একটি করে সিন্ডিকেট সভার আয়োজন, টিউশন ফি নির্ধারণের তথ্য ইউজিসিকে অবহিতকরণ, যৌন হয়রানি রোধ ইত্যাদি।
এছাড়াও বিওটিতে বর্তমানে ন্যূনতম ৯ জন এবং সর্বোচ্চ ২১ সদস্য রাখার বিধান আছে। প্রস্তাবে ন্যূনতম সদস্য ১৫ এবং এক-তৃতীয়াংশ বা ৫ জন শিক্ষাবিদ রাখার কথা বলা হয়েছে। এছাড়া আইনের সংশ্লিষ্ট ধারা সংশোধন করে শিক্ষক নিয়োগ ও অর্থ কমিটিসহ একাডেমিক উন্নয়নে বিভিন্ন কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। এসব কমিটির প্রধান থাকবেন উপাচার্য। উপাচার্যকে সিন্ডিকেটের কাছে দায়বদ্ধ থাকার প্রস্তাব করা হয়েছে। অস্থায়ী ক্যাম্পাসের জায়গা ২৫ হাজার বর্গফুটের পরিবর্তে ৩৫ হাজার বর্গফুট করার প্রস্তাবও আছে বলে জানা গেছে।
মালিকদের সংগঠন বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি মনে করে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন পরিবর্তন করে প্রস্তাবিত সুপারিশ অন্তর্ভুক্ত হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সরকারি ও রাজনৈতিক হস্তক্ষেপ বাড়বে। সংগঠনের সহ-সভাপতি ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পুরোপুরি চলে প্রাইভেট অর্থায়নে। এখানে পাবলিক-প্রাইভেটে পার্থক্য। এখন সরকার যদি সব কিছুতে হস্তক্ষেপ করতে আসে তবে তা হবে অপ্রত্যাশিত।
সূত্রে জানা যায়, আইন সংশোধনের জন্য কমিটির সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ের জমা দেওয়ার পর মন্ত্রী নেতৃত্বের বৈঠক করে তা চূড়ান্ত করে মন্ত্রিপরিষদে পাঠানো হবে। মন্ত্রিপরিষদে চূড়ান্ত অনুমোদন পেলে তা চূড়ান্ত অনুমোদনের জন্য যাবে জাতীয় সংসদে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নানা প্রশাসনিক ও আর্থিক অনিয়ম-দুর্নীতি বন্ধ করতে মালিকদের ক্ষমতা কমানোর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।