২৫ জুলাই, ২০২৬ ০৩:৫৭ পিএম

প্রথমবারের মতো ‘গণিতে নোবেল’ পেলেন দুই চীনা গণিতবিদ

প্রথমবারের মতো ‘গণিতে নোবেল’ পেলেন দুই চীনা গণিতবিদ
চীনের দুই গণিতবিদ ইউ দেং ও ওয়াং হোং। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: শত বছরের পুরোনো সমস্যার সমাধান করে প্রথমবারের মতো ‘গণিতে নোবেল’ পেলেন দুই চীনা গণিতবিদ। গণিতের সর্বোচ্চ সম্মানগুলোর একটি ফিল্ডস মেডেল। যা অর্জন করেছেন ইউ দেং ও ওয়াং হোং।

শুক্রবার (২৪ জুলাই) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় শুরু হওয়া ২০২৬ সালের আন্তর্জাতিক গণিতবিদ কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে তাদের হাতে ফিল্ডস মেডেল তুলে দেওয়া হয়।

পাশাপাশি এই দুই চীনা গণিতবিদ যুক্তরাষ্ট্রের জন পার্ডন ও কানাডার জ্যাকব সিমারম্যান এই পুরস্কার পেয়েছেন। তারা প্রত্যেকে ১৫ হাজার কানাডীয় ডলার (প্রায় ১৩ লাখ ১৭ হাজার টাকা) পুরস্কার পেয়েছেন।

দুজনই এমন সমস্যার সমাধান করেছেন, যার সমাধান ১০০ বছরেরও বেশি সময় ধরে পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে শিক্ষকতা করেন ওয়াং হোং (৩৫)। তৃতীয় নারী হিসেবে তিনি এই সম্মান অর্জন করেছেন। এমন এক সময়ে এ পুরস্কার দেওয়া হলো, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের গণনাভিত্তিক কাজকে ক্রমেই চ্যালেঞ্জের মুখে ফেলছে। এই অর্জন চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

ওয়েইবো থেকে রেডনোট—বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফিল্ডস পদক’ এবং ‘ফিল্ডস পদকজয়ী প্রথম চীনা গণিতবিদ’ হ্যাশট্যাগ কোটি কোটি বার দেখা হয়েছে।

ওয়েইবোর এক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘এটা চীনের সব মানুষের জন্য গর্বের বিষয়।’ অপর এক ব্যবহারকারী লিখেছেন, ‘আমরা ইতিহাসের সাক্ষী হচ্ছি।’

চীনের গণমাধ্যমে দুই গণিতবিদের শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত জীবনের নানা খুঁটিনাটি ও দেশের জন্য তাদের এই অর্জন কী অর্থ বহন করছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

প্রথম জাতিগত চীনা ফিল্ডস পদকজয়ী শিং-তুং ইয়াও বলেন, ‘চীনের গণিতবিদ সম্প্রদায়ের জন্য এটি এমন একটি স্বপ্ন, যা আমরা কয়েক দশক ধরে বাস্তবায়নের আশা করে এসেছি।’

১৯১৭ সালে জাপানি গণিতবিদ সোইচি কাকেয়া একটি গাণিতিক সমস্যা উপস্থাপন করেছিলেন। প্রশ্নটি ছিল, একটি পেনসিলকে পুরো একবার ঘোরালে সেটি সবচেয়ে কম কতটুকু জায়গার ওপর দিয়ে যাবে?

এতদিন পর্যন্ত ওই সমস্যার সমাধান করতে পারেননি কোনো গণিতবিদ। অবশেষে সহকর্মী জশ জালের সঙ্গে মিলে এর সমাধান করেন ওয়াং।

পেনসিলটি সমতল পৃষ্ঠে নয়, বরং ত্রিমাত্রিক স্থানে ভাসছে—এটা ধরে নিয়ে এই সমস্যার সমাধান দেন ওয়াং ও জাল। তারা গত বছর এ বিষয়ে গবেষণাপত্র প্রকাশ করেন।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ইউ দেং (৩৭) এরকমই আরেকটি শতবর্ষ পুরোনো সমস্যার সমাধানের জন্য এ সম্মাননা পেয়েছেন।

পদক জেতার পর দেওয়া প্রতিক্রিয়ায় ইউ দেং বলেন, ‘যেসব মহান গণিতবিদকে আমি সবসময় শ্রদ্ধা করেছি, তাদের নামের পাশে আমার নাম যুক্ত হওয়া সত্যিই বিরাট সম্মানের।’

প্রতি চার বছর অন্তর প্রদান করা হয় ফিল্ডস মেডেল। সাধারণত ৪০ বছরের কম বয়সী সর্বোচ্চ চারজন গণিতবিদকে গণিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়। আন্তর্জাতিক গণিত অঙ্গনে অন্যতম মর্যাদাপূর্ণ এ সম্মানকে ব্যাপকভাবে গণিতের নোবেল হিসেবে অভিহিত করা হয়।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক