অনুমোদন পেল বুয়েটের অক্সিজেট
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত ও সংকটাপন্ন রোগীদের অক্সিজেনের চাহিদা মেটাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) উদ্ভাবিত ‘অক্সিজেটের’ সীমিত আকারে উৎপাদন ও ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। বুধবার (২৮ জুলাই) রাতে অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘জরুরি ব্যবহারের জন্য স্বল্পসংখ্যক অক্সিজেটের (২০০ ইউনিট) সীমিত অনুমোদন দেওয়া হয়েছে সুনিয়ন্ত্রিতভাবে ব্যবহারের জন্য। এটি অনেকটা ট্রায়ালের অংশ। অক্সিজেটের পোস্ট-মার্কেটিং ভিজিল্যান্স (বিপণন-পরবর্তী সতর্কতা) করতে হবে। প্রত্যেক রোগীর তথ্য রাখতে হবে। দেখতে হবে যে এতে রোগীর উপকার হচ্ছে কি না, কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে কি না কিংবা কোনো ঝুঁকি তৈরি হচ্ছে কি না। যন্ত্রটি আরও উন্নত করা যায় কি না, তাও দেখতে হবে। এই সবকিছু পর্যবেক্ষণ করে বড় আকারে এটির অনুমোদন দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।’
অক্সিজেট আবিষ্কারে নেতৃত্ব দেওয়া বুয়েটের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌফিক হাসান তাদের উদ্ভাভিত যন্ত্রটি ব্যবহারের অনুমতি দেওয়ায় সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।
ড. তৌফিক হাসান বলেন, ‘বাংলাদেশে মেডিক্যাল ডিভাইস ইনোভেশনে এই প্রজেক্টটি একটি মাইলফলক হয়ে থাকবে। আমাদের অনেক গবেষণার ফলাফলই একাডেমিক ল্যাবের ক্ষুদ্র পরিসর থেকে মানুষের ব্যবহারের জন্য নিয়ে আসা সম্ভব হয় না। আশা করি, অক্সিজেটের সফলতার পথ ধরে ভবিষ্যতে বাংলাদেশে আরও অনেক গবেষক ও উদ্ভাবকরা মেডিকেল ডিভাইস তৈরিতে এগিয়ে আসবেন। বাংলাদেশের করোনার এই পরিস্থিতিতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের দ্রুততম সময়ে এই অনুমোদন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।’
তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সর্বদা দেশীয় প্রযুক্তির পক্ষে অবস্থান এবং উৎসাহ প্রদানের জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এ ছাড়াও এই প্রকল্পের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাই, মাননীয় মন্ত্রিপরিষদ সচিব, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সিনিয়র সচিব (স্বাস্থ্য সেবা বিভাগ) এবং অ্যাটর্নি জেনারেল মহোদয়কে।’
তিনি আরও বলেন, ‘আমরা খুবই ভাগ্যবান যে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সর্বদা স্থানীয় উদ্ভাবন এবং উদ্যোক্তাদের উৎসাহ দিয়ে থাকেন। এর মাধ্যমে আমরা মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে পারি। আমি আশা করি, বাংলাদেশের অন্যান্য উদ্ভাবকরাও বিভিন্ন জীবন রক্ষাকারী আবিষ্কারগুলি সামনে নিয়ে আসবেন এবং জাতির এই সঙ্কটকালীন সময়ে জনসাধারণের সেবায় নিয়োজিত হতে পারবেন।’
ড. তৌফিক হাসান আরও বলেন, অক্সিজেনের উচ্চমূল্য যেন চিকিৎসার অন্তরায় না হয়। অক্সিজেটের মাধ্যমে অত্যন্ত স্বল্প খরচে উচ্চচাপের অক্সিজেন উৎপাদন করা যাবে।
বুয়েটের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের একটি দল প্রায় এক বছর গবেষণার পর এই যন্ত্র আবিষ্কার করে। যন্ত্রটি সহজে ব্যবহার ও বহনযোগ্য। এটি পরিচালনায় বিদ্যুতেরও প্রয়োজন হয় না।
গত মে মাসে ঢাকা মেডিকেল কলেজে অক্সিজেটের তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয় বলে দলের পক্ষ থেকে জানানো হয়।
-
১৪ মার্চ, ২০২২
-
২৯ জুলাই, ২০২১
-
০৮ জুলাই, ২০২১
-
২৮ এপ্রিল, ২০২১
-
২৫ এপ্রিল, ২০২১
-
২১ এপ্রিল, ২০২১
-
২৩ জানুয়ারী, ২০২১
-
১৩ ডিসেম্বর, ২০২০
-
১৯ অক্টোবর, ২০২০