সাত জেলায় লকডাউন: ঢাকায় ঢুকছে না গণপরিবহন
মেডিভয়েস রিপোর্ট: করোনার সংক্রমণ রোধে ঢাকার পাশ্ববর্তী সাত জেলায় কঠোর লকডাউন শুরু হয়েছে। লকডাউন জেলাগুলো থেকে ঢুকতে দেওয়া হচ্ছে না কোনও ধরনের গণপরিবহন। এতে রাজধানী ঢাকা কার্যত সারাদেশ থেকে বিছিন্ন হয়ে পড়েছে।
আজ মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে রাজবাড়ী, গাজীপুর, মাদারীপুর, নারায়ণগঞ্জ গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জে শুরু হওয়া এ লকডাউন চলবে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত।
সূত্রে জানা গেছে, রাজধানীর প্রবেশপথ সাভারের আমিন বাজারে ব্যারিকেড বসিয়ে গণপরিবহন আটকে দেওয়া হচ্ছে। গাবতলী ব্রিজের আগে থেকেই গণপরিবহনগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং যাত্রী নামিয়ে দেওয়া হচ্ছে। এতে বৃষ্টির মধ্যে ঢাকাগামী যাত্রীরা বিপত্তিতে পড়েছেন। একই অবস্থা রাজধানীর অন্যান্য প্রবেশপথগুলোতে।
এদিকে সোমবার (২১ জুন) বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ গণমাধ্যমকে জানান, ঢাকা আশপাশের জেলাগুলোতে লকডাউন থাকায় রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী দূরপাল্লার বাস বন্ধ থাকবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ) জানিয়েছে, কঠোর লকডাউন দেয়া সাত জেলা ছাড়াও ঢাকার সঙ্গে সারা দেশের যাত্রীবাহী লঞ্চ চলাচল মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
লকডাউন জেলাগুলোতে রেল থামবে না জানিয়ে সোমবার রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ‘সরকার যে সাত জেলায় লকডাউন ঘোষণা দিয়েছে, তার মধ্যে নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী জেলায় রেল যোগাযোগ রয়েছে। এই তিনটি জেলায় ট্রেনে যাত্রী পরিবহন বন্ধ থাকবে। এসব জেলায় ট্রেন থামবে না। গাজীপুরে ক্রসিংয়ে ট্রেন থামলেও যাত্রী ওঠানামা করতে পারবে না। বাকি চারটি জেলা-মানিকগঞ্জ, মাদারীপুর, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জে ট্রেন যোগাযোগ নেই।’
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪