নারী চিকিৎসক হেনস্থা
স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিডিএফের চিঠি
মেডিভয়েস রিপোর্ট: সাম্প্রতিক সময়ে রাজধানীর এলিফ্যান্ট রোডে পুলিশ-চিকিৎসক বাগবিতণ্ডার ঘটনার ভিডিও ভাইরালের তদন্তের দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি দিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস’ ফাউন্ডেশন (বিডিএফ)।
সোমবার (১৯ এপ্রিল) বিডিএফের চেয়ারম্যান ডা. শাহেদ রফি পাভেল ও মহাসচিব ডা. শাহ মো. জাকির হোসেন সুমন স্বাক্ষরিত চিঠিতে এসব দাবি জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, ‘গত ১৮ এপ্রিল-২০২১ রাজধানীর এলিফ্যান্ট রোডে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. সাইদা শওকত জেনীর ব্যবহৃত গাড়ীতে বিশ্ববিদ্যালয়ের লোগো, স্টিকার এবং বিশেষ অনুমতি থাকা সত্ত্বেও তা অন্যায়ভাবে আটকানো হয় এবং তিনি নিজের পরিচয় দেয়ার পরেও বাগবিতণ্ডায় জড়ানো হয়। পরবর্তীতে সেই বাগবিতণ্ডার দৃশ্য খণ্ডাকারে উদ্দেশ্য প্রনোদিতভাবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ইলেট্রনিক মিডিয়াতে ছড়ানো হয়। এতে সারাদেশের চিকিৎসক সমাজের মধ্যে প্রচন্ড ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। দেশের এই ক্রান্তিলগ্নে করোনাকালীন সময়ে ফ্রন্টলাইনার হিসাবে চিকিৎসকদের মনোবল ধরে রাখা আবশ্যক বলে আমরা "বাংলাদেশ ডক্টরস' ফাউন্ডেশন" মনে| করি। এমতাবস্থায় উক্ত ভিডিও খণ্ডাকারে কে বা কারা কি উদ্দেশ্যে ভাইরাল করেছে সেটি তদন্ত হওয়া প্রয়োজন। উপরন্তু লকডাউন চলাকালীন সময়ে চিকিৎসকবৃন্দ যাতে নির্বিঘ্নে কর্মস্থলে যাতায়াত করতে পারেন সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা একান্ত কাম্য।’
চিঠিতে আরও বলা হয়েছে, ‘গত বছর করোনা মহামারীর শুরু থেকে এদেশের চিকিৎসকবৃন্দ জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে করোনা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন এবং ইতিমধ্যে প্রায় ২০০ চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।’
এবারের চলমান লকডাউনে চিকিৎসকদের কর্মস্থলে যাতায়াতের জন্য কোনো ধরনের মুভমেন্ট পাশ প্রয়োজন নেই এবং চিকিৎসকরা লকডাউনের আওতামুক্ত হিসাবে সুস্পষ্ট প্রজ্ঞাপন থাকা সত্ত্বেও লকডাউনের প্রথম দিন থেকেই বিভিন্ন পুলিশ চেকপোস্টে চিকিৎসকবৃন্দকে কর্মস্থলে যেতে অন্যায়ভাবে নিগ্রহ করা হচ্ছে, এমনকি চিকিৎসকদের বহনকারী যানবাহনে মামলা দিয়ে জরিমানা পর্যন্ত করা হয়েছে বলে চিঠিতে দাবি করা হয়েছে।