চিকিৎসক হওয়ার সংগ্রামী ইতিহাস ‘চন্দ্রবিন্দুর বিসর্গ’
মেডিভয়েস রিপোর্ট: এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে রাজধানীর পপুলার মেডিকেল কলেজের শিক্ষার্থী শুভ্রদেব হালদারের লেখা বই ‘চন্দ্রবিন্দুর বিসর্গ’। চন্দ্রবিন্দুর বিসর্গ! বইয়ের নামটা কোথাও একটা অবসানের ইঙ্গিত করে। বইটিতে বাস্তবতার নানা দিক খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বাস্তবতার কালো রাত্রির অবসান ঘটিয়ে লেখক ঝলমলে দিনের ইশারা দিয়েছেন তাঁর লেখনীতে। তাই বইটির এমন চন্দ্রবিন্দুর ‘বিসর্গ’ নামকরণ করা হয়েছে।
বইটির লেখক শুভ্রদেব হালদার মেডিভয়েসকে বলেন, ‘এই ‘চন্দ্রবিন্দুর বিসর্গ’ বইয়ের প্রতিটি গল্প বাস্তব জীবনে প্রতিফলন ঘটানোর মত। তরুণ সমাজের জন্য এই বইটিকে দিশারি বলে মনে করি। বইটিতে রয়েছে ১০ টি গল্প। অমাবস্যার চাঁদ, রাস্ট্র ও অসুখ, বৃত্তে বন্দী, তামাশা, চোখের জল, প্রকৃতির বিসর্গ, দ্যুতির নীল শাড়ি, অপেক্ষার শেষ প্রহর, অন্তিম অনুভবে, চন্দ্রবিন্দুর বিসর্গ।’
সমাজকে বইটি কিভাবে উপকৃত করবে?
নানা মানুষের জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনাগুলোর বিন্যাস নিয়েই বইয়ের একেকটি গল্প নির্মিত হয়েছে। এই বই থেকে প্রত্যেকটা মানুষ নিজের জীবনের এবং আশপাশের মানুষের জীবনের সাথে মিল খুঁজে পাবে।
একজন মেডিকেল শিক্ষার্থী চিকিৎসক হয়ে ওঠার পেছনে এক সংগ্রামী ইতিহাস এবং সকল বাধাবিঘ্ন পেরিয়ে সামনের দিকে ধাবমান হওয়ার এক দৃষ্টান্ত পাওয়া যাবে চন্দ্রবিন্দুর বিসর্গতে।
বর্তমান সময়ে পেশাগত ও ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, বিভিন্ন সমস্যা এবং তার থেকে উত্তরণের পথ রয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে চিকিৎসকদের বাস্তব সামাজিক অবস্থান সম্পর্কে ধারণা ও তাঁর ভালো-খারাপ দিক গুলোর পেছনে কারণগুলোও জানা যাবে এই বইতে।
তরুণ বয়সে লালিত স্বপ্ন, তা বাস্তবায়নের জন্য পদক্ষেপ আশা-হতাশার মিশ্রণে যে বাস্তব জীবন গড়ে উঠে এবং তা চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। অসুস্থ প্রতিযোগিতার মধ্যে বেড়ে ওঠার কুফল (যা দুর্নীতির মূল স্রষ্টা) এবং তার থেকে উত্তরণের উপায় পাওয়া যাবে এই বইতে।
কৈশোর-যৌবনের প্রেম, বিরহ, সাফল্য-ব্যর্থতা, স্বপ্ন দেখা, স্বপ্ন ভঙ্গের হতাশা এবং তা থেকে পরিত্রাণের উপায় রয়েছে এই বইতে।
কৈশোরের গন্ডি পেরিয়ে সদ্য বাস্তব জীবনে পদার্পণ করা, তাদের নানা দিক রয়েছে বইটিতে। এই বয়সের মানুষের জীবনের বাস্তব ঘটনা তুলে ধরা হয়েছে এই বইতে, ছদ্মনামের আড়ালে।
যারা সংসার জীবনে পা রেখেছেন সদ্য, বা বহু বছর পরিবার চালিয়ে নিয়ে যাচ্ছেন, তাঁদের জীবনের সংকট ও তার থেকে পরিত্রাণের পথ দেখানো হয়েছে এই চন্দ্রবিন্দুর বিসর্গতে।
এই বইতে কোথাও না কোথাও পাঠকরা তাঁদের নিজেদেরকে খুঁজে পাবেন, তিনি যে বয়সেরই হোক না কেন। প্রগতিশীল দেশে, বিভিন্ন বয়সের গতিরোধক বিষয়গুলো চিহ্নিত করে, তা থেকে ভালো কিছু জন্ম দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী কাজ, তা এই বইতে চমৎকার বর্ণনা করা হয়েছে।
বই: চন্দ্রবিন্দুর বিসর্গ।
লেখক: শুভ্রদেব হালদার
প্রকাশনী: ঘাসফুল
বইটির প্রকৃত মূল্য: ২০০ টাকা
প্রাপ্তীস্থান: অমর একুশে বইমেলা-২০২১, স্টল নং ২২৯