জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের নতুন পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন
মেডিভয়েস রিপোর্ট: জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের (আইপিএইচএন) পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদ। মঙ্গলবার (১৬ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ অধিশাখার উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার স্বাস্থ্য সার্ভিসের বর্ণিত কর্মকর্তাকে নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি করা হলো।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদায়নকৃত কর্মকর্তা আগামী ০৫ (পাঁচ) কর্ম দিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ষষ্ঠ কর্ম দিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি (Stand release) মর্মে গণ্য হবেন।
অবমুক্তির সময় তিনি বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভআউট হবেন এবং যোগদানের পর ন্যস্তকৃত বিভাগে কর্মস্থলে মুভইন হবেন।
এর আগে গত ৩ জানুয়ারি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চিকিৎসা অনুষদের ডিন হিসেবে কর্মরত ছিলেন তিনি।
তারও আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক নাসির উদ্দিন মাহমুদ। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে অধ্যক্ষ ডা. মোহাম্মদ শামীম হাসান স্বেচ্ছায় চাকরি থেকে অবসরে যাওয়ায় অতিরিক্ত দায়িত্ব হিসেবে উপাধ্যক্ষ নাসির উদ্দিনকে চমেকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়।
তিনি লামাবাজার এ.এ.এস সিটি করপোরেশন হাইস্কুল থেকে এসএসসি এবং চিটাগং কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এর পর চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন ডা. নাসির উদ্দিন।
তিনি দ্য রয়েল কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স অব গ্লাসগো থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জন্স (বিসিপিএস) থেকে এফসিপিএস সম্পন্ন করেন।