বিশ্ব ডায়াবেটিস দিবস আজ
মেডিভয়েস রিপোর্ট: আজ শনিবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস। ‘ডায়াবেটিস সেবায় পার্থক্য আনতে পারেন নার্সরাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।
এ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। এসবের মধ্যে রয়েছে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয়, সচেতনতামূলক পোস্টার, লিফলেট বিতরণ, প্ল্যাকার্ড হাতে অবস্থান কর্মসূচি, চিত্রাংকন প্রতিযোগিতা, চিকিৎসক-রোগীদের আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব, হ্রাসকৃত মূল্যে নিবন্ধন, চিকিৎসা পরামর্শ ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা।
দিবসটি উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দিবসটি উপলক্ষে শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) উদ্যোগে এক সাংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বারডেম হাসপাতালে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান বলেন, সারাবিশ্বেই ডায়াবেটিস এখন মহামারি আকার ধারণ করেছে। এ রোগ হলে তা কখনো সারে না। তবে নিয়ন্ত্রণে রাখতে পারলে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করা সম্ভব।
দিবসটি উদযাপনে নানা কর্মসূচি
দিবসটি উপলক্ষে দেশব্যাপী ডায়াবেটিস সম্পর্কে সচেতনতামূলক পোস্টার ও লিফলেট বিতরণ করা হয়েছে। এছাড়া সকাল সাড়ে ৮টায় শাহবাগ বারডেম কার পার্কিং থেকে রমনা পার্কের গেট পর্যন্ত রোড শো অনুষ্ঠিত হয়েছে।
সাড়ে ১০টায় বারডেম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে বিশেষজ্ঞ চিকিৎসক ও রোগীদের আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব। ১১টার দিকে কনফারেন্স রুমে একটি ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।