সিভিল সার্জনের নেতৃত্বে বেসরকারি হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ
মেডিভয়েস রিপোর্ট: বেসরকারি হাসপাতালে ও ক্লিনিকে মোবাইল কোর্ট পরিচালনা করতে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও সিভিল সার্জনকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ভিডিওর মাধ্যমে এ নির্দেশনা দেন।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের অধীন হাসপাতাল ও ক্লিনিকসমূহের পরিচালক ডা. মো. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত একটি চিঠি দেশের সব বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ও সিভিল সার্জনদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের নির্দেশক্রমে বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ও সিভিল সার্জনদের আগামী ৩ দিনের মধ্যে নিজ নিজ জেলার অনিবন্ধিত, অবৈধ, নিয়মবহির্ভূতভাবে পরিচালিত, সেবার মান খারাপ এরূপ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকসমূহে মোবাইল কোর্ট পরিচালনা করে বিধি মোতাবেক যথাযথ ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে সীলগালা করতে হবে। এ বিষয়ে প্রতিবেদন তৈরি করে সরাসরি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (দৃষ্টি আকর্ষণ: পরিচালক হাসপাতাল ও ক্লিনিকসমূহ) বরাবরে প্রেরণ করবেন।
এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ফোর্সসহ মোবাইল কোর্ট পরিচালনায় বিভাগীয় পরিচালক স্বাস্থ্য অথবা সিভিল সার্জন নেতৃত্ব দেবেন। ওই সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাথে রাখার নির্দেশ দেয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, ওই বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে বিধায় কঠোরপদক্ষেপ নেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।