ধর্ষণ মামলায় মেডিকেল রিপোর্ট মুখ্য নয়: হাইকোর্ট
মেডিভয়েস রিপোর্ট: ধর্ষণ মামলা প্রমাণ করতে মেডিকেল রিপোর্ট মুখ্য নয় মর্মে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। রায়ে বলা হয়েছে, ভুক্তভোগীর মৌখিক ও পারিপার্শ্বিক সাক্ষ্য দ্বারা আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলেও তার ভিত্তিতে আসামিকে সাজা প্রদান করা যেতে পারে।
আজ বুধবার (১৪ অক্টোবর) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
রায়ে আরও বলা হয়েছে, শুধুমাত্র মেডিকেল রিপোর্ট না থাকার কারণে ধর্ষণের মামলা অপ্রমাণিত বলে গণ্য হবে না। ভুক্তভোগীর মৌখিক ও পারিপার্শ্বিক সাক্ষ্য দ্বারা আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলেও তার ভিত্তিতে আসামিকে সাজা প্রদান করা যেতে পারে। তাই মেডিক্যাল রিপোর্ট না থাকার কারণে যে আসামি ধর্ষণ করেনি মর্মে খালাস পেয়ে যাবে, এই অজুহাত গ্রহণযোগ্য নয়।
ভুক্তভোগী দেরিতে মামলা করলেও তা মিথ্যা নয় বলেও রায়ে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।
এর আগে, গত মঙ্গলবার ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান করে অধ্যাদেশ জারি হয়। আগের সর্বোচ্চ সাজা থেকে সরে এসে এবার ধর্ষকের সাজা মৃত্যুদণ্ড হয়।
ধর্ষণের মামলার সংজ্ঞায় বলা আছে, মেডিকেল রিপোর্ট ছাড়া কোনোভাবেই সাজা দেয়া যাবে না আসামিকে। ধর্ষণ মামলা প্রমাণ করতে তাই অন্যতম অস্ত্র মেডিকেল রিপোর্ট। কিন্তু বুধবার হাইকোর্ট তার এক রায়ে জানিয়ে দিয়েছে, এখন থেকে মেডিকেল রিপোর্ট ছাড়াও পারিপাশ্বিক অবস্থা বিবেচনায় নিয়ে ধর্ষণের সাজা দেয়া যাবে।