ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্ভোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়নোর লক্ষ্যে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন-২০২০ এর উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ রোববার (৪ অক্টোবর) বেলা পৌনে ১২টায় রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালে এ ক্যাম্পইনের উদ্বোধন করেন তিনি। আজ থেকে শুরু হয়ে এ ক্যাম্পেইন চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত।
স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা পরিস্থিতির মধ্যে ক্যাম্পেইন হওয়ায় সকল স্বাস্থ্যবিধি মেনে এ ক্যাম্পেইন চালানো হবে। স্বাস্থ্যবিধি মেনে দুই লাখ ৪০ হাজার স্বেচ্ছাসেবকসহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের স্থায়ী কর্মীরা এই ক্যাপসুল খাওয়াবেন। এ সময়ের মধ্যে প্রায় ২ কোটি ২০ লাখ শিশুকে তাদের বয়স অনুযায়ী একটি করে লাল এবং নীল ক্যাপসুল খাওয়ানো হবে। এ লক্ষ্যে ১ লাখ ২০ হাজার সেন্টার চালু করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এ সময় ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইনের সুফল জাতি পাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, স্বাধীনতার পরে দেশে শতকরা ৪ ভাগের অধিক শিশু রাতকানা রোগে ভুগছিলো। এ অবস্থায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম এ ক্যাম্পেইন শুরু করেন। বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ও ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইনের ফলে রাতকানা রোগে আক্রান্তর সংখ্যা ১ ভাগের নিচে নেমে এসেছে। এ কার্যক্রম অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে রাতকানা রোগ দেশ থেকে চিরতরে দূর হবে বলেও আশা প্রকাশ করেন জাহিদ মালেক।
এছাড়াও স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে দেশের সার্বিক করোনা পরিস্থিতি ও সরকারের নানা প্রদক্ষেপ তুলে ধরে, করেনা মোকাবেলায় বাংলাদেশ বিশ্বের অনেক উন্নত দেশ থেকে সফল বলে জানিয়েছেন।