হাসপাতালে সরাসরি অভিযান না চালাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠি
মেডিভয়েস রিপোর্ট: সরকারি ও বেসরকারি হাসপতালে সরাসরি অভিযান না চালিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবকে আদেশক্রমে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (৪ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা- ১ শাখার সিনিয়র সহকারী সচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পঠানো হয়েছে।
এতে বলা হয়, ‘দেশে করোনাভাইরাস মহামারীর প্রাদুর্ভাবের পর থেকে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালসমূহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নানা বিষয়ে অভিযান পরিচালনা করছেন। একটি হাসপাতালে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান পরিচালনা করাতে তাদের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং এ কারণে স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে একধরনের চাঁপা অসন্তোষ বিরাজ করছে।’
এ অবস্থায় যেকোনো সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা থেকে বিরত থাকা এবং জরুরি অভিযান পরিচালনার প্রয়োজনীয়তা অনুভব হলে স্বাস্থ্যসেবা বিভাগ এবং প্রযোজ্য ক্ষেত্রে চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সাথে সমন্বয়ে পরিচালনা করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর আলোচনা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এ প্রসঙ্গে বলা হয়, ‘ইতোমধ্যে স্বাস্থ্য সেবা বিভাগ থেকে সরকারি ও বেসরকারি হাসপাতালে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য একটি টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে যেখানে জননিরাপত্তা বিভাগের একজন যুগ্ম সচিবপর্যায়ের কর্মকর্তা সদস্য হিসেবে আছেন। ভবিষ্যতে স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো অভিযান পরিচালনার প্রয়োজনীয়তা দেখা দিলে স্বাস্থ্য সেবা বিভাগের সঙ্গে পরামর্শক্রমে তা করা যাবে।’
প্রসঙ্গত, করোনা মহামারীর মধ্যে রিজেন্ট, জেকেজিসহ বেশ কয়েকটি হাসপাতালে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নানা অনিয়ম ও জালিয়াতির প্রমাণ পাওয়া যায়। ফলে প্রতিষ্ঠানগুলো সিলগালা ও তাদের মালিক এবং পরিচালনাকারীদের গ্রেফতার করা হয়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ পদত্যাগ করেন এবং হাসপাতাল পরিচালকসহ অধিদপ্তরের একাধিক কর্মকর্তা ওএসডি ও অন্যত্র বদলি হন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪