বুকে ব্যথা নিয়ে সিএমএইচে ভর্তি সিওমেক পরিচালক
মেডিভয়েস রিপোর্ট: বুকে ব্যথা নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইউনুছুর রহমান। সোমবার (২০ জুলাই) রাতে এয়ার এম্বুলেন্সযোগে সিলেট থেকে তাঁকে সিএমএইচে আনা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিওমেক অধ্যক্ষ মাইক্রোবায়োলজি ও ভাইরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মইনুল হক মেডিভয়েস জানান, সোমবার দুপুরে বুকে হালকা চাপ অনুভব করেন ব্রি. জে. মো. ইউনুছুর রহমান। দ্রুত হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসকরা এসে তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করেন এবং কেবিনে ভর্তির পরামর্শ দেন। এ সময় তাঁর কোভিড-১৯ পরীক্ষার পরামর্শও প্রদান করেন চিকিৎসকরা। তিনি হাসপাতালের ১৮ নম্বর ওয়ার্ডের এক নম্বর ভিআইপি কেবিনে চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, একই দিন সন্ধ্যায় ডা. ইউনুছের বুকে ব্যথা বেড়ে যায়। তখন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকতাদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রাত ৮টার দিকে বিমান বাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে ঢাকায় আনা হয়। বর্তমানে তিনি সিএমএইচে চিকিৎসাধীন আছেন।
এখন তিনি সম্পূর্ণরূপে ভালো আছেন জানিয়ে অধ্যাপক মইনুল হক বলেন, ‘গতকাল রাতেও তাঁর স্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে। তিনি জানিয়েছেন, ইসিজি-ইকোসহ ডা. ইউনুছুর রহমানের সকল পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক এসেছে। সন্দেহ করা হলেও তাঁর দেহে করোনা শনাক্ত হয়নি।’