৩০ জুন, ২০২০ ০৮:০০ পিএম
কাজে যোগ না দিলে শাস্তির হুমকি কর্তৃপক্ষের

বারডেমে চিকিৎসকদের কর্মবিরতি তৃতীয় দিনে অব্যাহত

বারডেমে চিকিৎসকদের কর্মবিরতি তৃতীয় দিনে অব্যাহত
বারডেমে চিকিৎসকদের আন্দোলন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনা চিকিৎসায় পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী প্রদান, করোনা আক্রান্ত চিকিৎসদের চিকিৎসার ব্যয়ভার বহন, আর্থিক প্রণোদনা ও চাকরি স্থায়ীকরণসহ ৫ দফা দাবিতে বারডেম হাসপাতালে কর্মরত আরএমও, এমও (অস্থায়ী), সহকারী রেজিস্ট্রারসহ চিকিৎসকদের কর্মবিরতি তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। এদিকে আন্দোলনরত চিকিৎসকদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে কাজে যোগদানের নির্দেশ দিয়ে বারডেম কর্তৃপক্ষ বলেছে, অন্যথায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত আন্দোলনকারীরা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে। এদিকে একই দিনে বারডেম হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. এম কে আই কাইয়ুম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২৪ ঘণ্টার মধ্যে চিকিৎসকদের কাজে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। 

এতে বলা হয়, কর্তৃপক্ষ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে গত ২৭ জুন চিকিৎসকরা হাসপাতালের ফোন তাদের দপ্তরে রেখে গেছেন। এরপর থেকে তারা ট্রেনিং স্কুলে অনুপস্থিত আছেন এবং অন্যান্য ট্রেইনীদের অনুপস্থিত রাখতে হাসপাতালে অবস্থান ধর্মঘট পালন করছেন। এতে হাসপাতালে রোগীদের সেবা ও তাদের ট্রেনিং কর্যক্রাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় ২৪ ঘণ্টার মধ্যে আন্দোলনরতদের ট্রেনিং ও স্বাভাবিক কার্যক্রমে অংশগ্রহনের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় কর্তব্যকর্মে ও চিকিৎসাশাস্ত্রে স্নাতকোত্তর ট্রেনিং অসম্পূর্ণ বলে গণ্য হবে।

হাসপাতাল পরিচালকের চিঠির প্রতিক্রিয়ায় পাল্টা চিঠি দিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। চিঠিতে অনতিবিলম্বে বিরাজমান সকল অনিয়ম দূর করে কাজ করার নিরাপদ পরিবেশ ও তাদের সকল দাবি মেনে নিয়ে বারডেমের সুনাম রক্ষা করার আহ্বান জানিয়েছেন তারা। তাদের দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। 

এর আগে গত ২৮ জুন সকাল ৮টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে চিকিৎসকরা। দাবি আদায় না পর্যন্ত প্রতিদিন একই সময়ে এ আন্দোলন চলবে বলে ঘোষণা দেওয়া হয় সে কর্মসূচি থেকে। এ সময় আন্দোলনকারীদের পক্ষ থেকে হাসপাতালের মহাপরিচালক ডা. এম কে আই কাইয়ূম চৌধুরীর কাছে ৫ দফা দাবি সম্বলিত প্রস্তাবনা তুলে দেওয়া হয়। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক