০৯ জুন, ২০২০ ০২:৪৭ পিএম

করোনায় একদিনে সর্বোচ্চ ৪৫ জনের মৃত্যু, শনাক্ত ৩১৭১

করোনায় একদিনে সর্বোচ্চ ৪৫ জনের মৃত্যু, শনাক্ত ৩১৭১

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে সর্বোচ্চ ৪৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে রেকর্ড ৩ হাজার ১৭১ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৯৭৫ জন, মোট শনাক্ত ৭১ হাজার ৬৭৫।

আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে রাজধানীসহ সারাদেশে ৫৫টি ল্যাবের নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৫৫টি ল্যাবে ১৪ হাজার ৬৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে । এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ লাখ ২৫ হাজার ৫৯৫টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৩ হাজার ১৭১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৬৭৫ জন। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশে সর্বাধিক ৪৫ জনের মৃত্যু হয়েছ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭৫ জনে। তবে গত ২৪ ঘণ্টায় ৭৭৭ জনসহ মোট ১৫ হাজার ৩৩৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

করোনায় নতুন করে মৃত্যুবরণকারীদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১২ জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগে ২৮ জন, চট্টগ্রামে ১১ জন, সিলেটে দুজন, রাজশাহীতে দুজন ও রংপুর বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। বয়সের দিক থেকে ১১ বছ‌র থেকে ২০ বছরের মধ্যে দুজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুজন, ত্রিশোর্ধ্ব পাঁচজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব ১৫ জন, ষাটোর্ধ্ব ১০ জন এবং সত্তরোর্ধ্ব আটজন মারা গেছেন।

এসময় বাসায় অক্সিজেন সিলিন্ডার মজুদের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, করোনা চিকিৎসায় অক্সিজেন খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই বাসায় অক্সিজেন সিলিন্ডার কিনে মজুত করছেন করোনা চিকিৎসায় ব্যবহারের জন্য। যা ঠিক নয়। কারণ অক্সিজেন থেরাপি একটি কারিগরি বিষয়। দক্ষ চিকিৎসক ব্যতীত অন্য কেউ অক্সিজেন রোগীকে প্রয়োগ করলে তা রোগীর জন্য ক্ষতির কারণ হতে পারে। এছাড়াও এতে বাজারে অক্সিজেন সিলিন্ডারের সংকট দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। 

প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৭১ হাজার ৬৭৫ জন। মারা গেছেন ৯৭৫ জন। সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৩৭ জন।

এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর তা পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৭১ লাখ ৩১ হাজার ২৬১ জন। মৃতের সংখ্যা চার লাখ ৬ হাজারের অধিক । সুস্থ হয়েছেন ৩৩ লাখ ০৭ হাজার ৫৪০ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক