০৮ জুন, ২০২০ ০৪:৫১ পিএম

জ্বর-গলা ব্যথাসহ করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে কেজরিওয়াল

জ্বর-গলা ব্যথাসহ করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে কেজরিওয়াল

মেডিভয়েস ডেস্ক: জ্বর, কাশি, গলা ব্যথাসহ করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ দেখা দেওয়ায় সেলফ আইসোলেশনে গেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার তার করোনা টেস্ট করা হবে বলে জানা গেছে।

সোমবার (৮ জুন) এনডিটিভিসহ একাধিক ভারতীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, রোববার থেকেই অসুস্থতা দেখা দিয়েছে কেজরিওয়ালের। জ্বরের পাশাপাশি কাশি ও গলা ব্যথা রয়েছে তার। এ কারণে গতকাল থেকেই কারও সঙ্গে দেখা করেননি দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি তার অফিস কক্ষে সেলফ আইসোলেশনে আছেন। এদিকে সেলফ আইসোলেশনে যাওয়ার কারণে সব ধরনের সরকারি বৈঠক বাতিল করেছেন আম আদমি পার্টি প্রধান।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে , ৫১ বছর বয়সী দিল্লির মুখ্যমন্ত্রী গত রোববার বিকেল থেকে অসুস্থ ছিলেন এবং এরপর থেকে তিনি কারও সাথে দেখা করেননি। তিনি জ্বর এবং গলা ব্যথায় ভুগছিলেন। তাই চিকিৎসকরা আগামীকাল তাকে করোনা পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন। 

এতে আরও উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে তিনি সকল কার্যক্রম ও বৈঠক ভিডিও কনফারেন্সের মাধ্যমে করছিলেন। তবে তিনি বেশ কয়েকজন দলীয় সদস্য, মন্ত্রীপরিষদ সদস্য ও আমলাদের সাথে সরাসরি সংস্পর্শে ছিলেন। 

এর মধ্যে সম্প্রতি করোনা রোগীদের চিকিৎসা বিতর্কে জড়িয়েছেন কেজরিওয়াল। তিনি ঘোষণা দিয়েছেন, দিল্লি সরকারের পরিচালিত হাসপাতালগুলোতে শুধু স্থানীয়দেরই চিকিৎসা দেওয়া হবে। কিন্তু দিল্লি ভারতের রাজধানী, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে, সেখানে এমন সংকীর্ণ নীতি প্রণয়ন নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।

প্রসঙ্গত, ভারতে করোনা সংক্রমণের অন্যতম হটস্পট দিল্লি। রাজ্যটিতে এ পর্যন্ত ২৮ হাজারের বেশি মানুষ করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। মারা গেছেন প্রায় আট’শ জন। গত ১ জুনের পর থেকে প্রতিদিনই দিল্লিতে ১ হাজার ২০০ এর বেশি নতুন সংক্রমণের খবর এসেছে৷

এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর তা পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৭০ লাখ ২৬ হাজার ৭৩২ জন। মৃতের সংখ্যা চার লাখের অধিক । সুস্থ হয়েছেন ৩১ লাখ ৪৭ হাজার ৭৯৩ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও