গণপরিবহনের ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন স্থগিতে লিগ্যাল নোটিস
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস পরিস্থিতিতে গণপরিবহনের ভাড়া ৬০ ভাগ বাড়িয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন স্থগিত চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও বিআরটিএ চেয়ারম্যানের প্রতি লিগ্যাল নোটিস পাঠানো হয়েছে।
সোমবার (১ জুন) সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান লিংকন এই নোটিস পাঠান।
এতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রজ্ঞাপন স্থগিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। অন্যথায় বৃহত্তর জনগণের স্বার্থে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিসে উল্লেখ করা হয়।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের ভয়াল থাবায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে উল্লেখ করে আইনজীবী জানান, এ পরিস্থিতিতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের অধিকাংশ কর্মহীন হয়ে বেকার এবং মানবেতর জীবনযাপন করছে। আর সরকার সামর্থ্যের সবটুকু দিয়ে অসহায় এবং দুস্থ মানুষের করোনাকালীন বিপর্যয় রোধের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই লক্ষ্যে বিভিন্নভাবে খাদ্য সহায়তা এবং নগদ অর্থ সহায়তা প্রদান করে যাচ্ছে।
আইনজীবী বলেন, সরকার সাধ্যের সবটুকু দিয়ে অসহায় এবং দুর্দশাগ্রস্ত মানুষের সাহায্য সহযোগিতা করছে এবং বিভিন্ন সেক্টরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নগদ আর্থিক প্রণোদনা ঘোষণা করে জাতীয় অর্থনীতিকে সচল রাখার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। আর এর মধ্যেই সরকারের জাতীয় সড়ক এবং মহাসড়ক বিভাগ, রোড ট্রান্সপোর্ট অথরিটি বাস-মিনিবাসের ক্ষেত্রে ৬০ ভাগ ভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে, যা করোনায় অসহায় দুর্দশাগ্রস্ত মানুষদের আরও বেশি বিপর্যস্ত ও হতাশাগ্রস্ত করেছে।
বর্তমান বিশ্ববাজারে তেলের দাম ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে জানিয়ে তিনি বলেন, সাধারণত তেলের মূল্যবৃদ্ধির ওপর বাসভাড়া কম-বেশি নির্ভর করে। সে ক্ষেত্রে ভাড়া না বাড়িয়ে বিশ্ববাজার থেকে কম মূল্যে তেল সংগ্রহ করে বিকল্প পন্থায় বাসমালিকদের বর্ধিত চাহিদা সমন্বয় করার জন্য ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪