করোনায় প্রাণ গেলো ঢাবি অধ্যাপকের
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদ। রোববার (৩১ মে) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদ হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রথম কোনও শিক্ষক যিনি কোভিড-১৯য়ে আক্রান্ত হয়ে মারা গেলেন।
তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন এ এস এম মাকসুদ কামাল জানান, শাকিল উদ্দিন আহমেদ ঈদ-উল-ফিতরের আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। সংক্রমণ শনাক্ত হওয়ার পর তিনি রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু করোনাজনিত অসুস্থতায় রোববার সন্ধ্যায় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।
চিকিৎসকদের বরাত দিয়ে ঢাবি প্রক্টর গোলাম রব্বানী জানান, আইসিইউ, ভেন্টিলেশনসহ তাঁকে সব ধরনের চিকিৎসা সুবিধা দেয়া হয়েছিল। এমনকি তিন দিন আগে প্লাজমা থেরাপিও দেওয়া হয়েছিল তাঁকে। তারপরও অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদকে বাঁচানো সম্ভব হয়নি।
শাকিল উদ্দিন আহমেদের মৃত্যুতে শিক্ষক সমিতির পক্ষ থেকে শোক জানিয়েছেন সংগঠনের সভাপতি এ এস এম মাকসুদ কামাল।
তিনি বলেন, প্রয়াত অধ্যাপক শাকিলের শোকসন্তপ্ত পরিবারের প্রতি তারা গভীর সমবেদনা জানাচ্ছেন। পাশাপাশি শিক্ষকসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সরকারের কাছে আহ্বান জানান তারা।
শাকিল উদ্দিন আহমেদের মৃত্যুতে শোক জানিয়ে ঢাবি প্রক্টর এ কে এম গোলাম রব্বানী জানান, পরিবারের পক্ষ থেকে শাকিলের উদ্দিনের মরদেহ আজিমপুর কবরস্থানে দাফনের ইচ্ছা প্রকাশ করা হয়েছে।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪