নতুন তিন সরকারি মেডিকেলে শিক্ষা কার্যক্রম শুরু এ বছরই, প্রতিটিতে ৫০ আসন
মেডিভয়েস রিপোর্ট: ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকেই শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে দেশের নতুন তিনটি সরকারি মেডিকেল কলেজ। কলেজগুলো হলো রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ, নরসিংদী মেডিকেল কলেজ ও ঠাকুরগাঁও মেডিকেল কলেজ। প্রথমবারের মতো কলেজগুলোতে ৫০টি করে মোট ১৫০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রকাশিত ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য হালনাগাদকৃত আসনসংখ্যার চূড়ান্ত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ হামিদুল ইসলাম স্বাক্ষরিত ওই তালিকায় সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ এবং ডেন্টাল ইউনিটের আসনসংখ্যা উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, গত ২২ নভেম্বর সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সরকারি কর্মচারী মেডিকেল কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ৫০ জন শিক্ষার্থী ভর্তির বিষয়ে সিদ্ধান্ত হয়।
এর আগে গত ১৬ নভেম্বর ভর্তি নীতিমালা হালনাগাদকরণবিষয়ক সভায় নরসিংদী ও ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ দুটি কলেজে ৫০টি করে মোট ১০০টি আসন নির্ধারণ করা হয়েছে।
ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ
রাজধানীর ফুলবাড়িয়ায় অবস্থিত ৫০০ শয্যাবিশিষ্ট সরকারি কর্মচারী হাসপাতালকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হচ্ছে সরকারি কর্মচারী মেডিকেল কলেজ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে কলেজটি প্রতিষ্ঠার সরকারি অনুমোদন দেওয়া হয়েছে।
গত ৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী হাসপাতাল ব্যবস্থাপনা শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ঢাকার ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ স্থাপনের সরকারি মঞ্জুরি প্রদান করা হয়।
জানা গেছে, প্রাথমিক পর্যায়ে ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী হাসপাতাল প্রাঙ্গণেই কলেজটির শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। এ জন্য হাসপাতাল ভবনের দুটি তলা শিক্ষা কার্যক্রমের উপযোগী করে প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে ঢাকার কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় কলেজটির স্থায়ী ক্যাম্পাস গড়ে তোলা হবে।
সরকারি কর্মচারী হাসপাতাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান। এখানে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরা চিকিৎসাসেবা পান। ৫০০ শয্যার এ হাসপাতালে প্রতিদিন তিন হাজারের বেশি রোগী চিকিৎসা নিতে আসেন। হাসপাতালটিকে কেন্দ্র করে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ফলে বিদ্যমান চিকিৎসা অবকাঠামোকে চিকিৎসা শিক্ষার কাজে ব্যবহারের সুযোগ তৈরি হবে।
বগুড়ার মেডিকেল কলেজে আসন বাড়ল ২০টি
এদিকে, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোর আসন পুনর্নির্ধারণের অংশ হিসেবে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়ার আসনসংখ্যা ২০০ থেকে বাড়িয়ে ২২০টি করা হয়েছে। গত ৫ নভেম্বর কলেজটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ২০টি আসন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।
এ ছাড়া দেশের ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে ১৬টির আসনসংখ্যা পুনর্নির্ধারণ করা হয়েছে এবং দুটি কলেজের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে।
মেডিকেল ও ডেন্টাল কলেজে মোট আসন
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের তথ্য অনুযায়ী, দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে মেডিকেল কলেজের সংখ্যা ১০৮টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজ ৪০টি এবং বেসরকারি মেডিকেল কলেজ ৬৮টি। এর বাইরে সশস্ত্র বাহিনী পরিচালিত আর্মড ফোর্সেস, আর্মি ও নেভি মেডিকেল কলেজ রয়েছে।
গত ২৫ নভেম্বরের আসন পুনর্বিন্যাসের তালিকা অনুযায়ী, নতুন তিনটিসহ দেশের ৪০টি সরকারি মেডিকেল কলেজে মোট আসনসংখ্যা ৫ হাজার ২৭০টি। অন্যদিকে, ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬ হাজার ২১টি।
এ ছাড়া দেশের ৯টি সরকারি ডেন্টাল কলেজে ৫৪৫টি এবং ২৫টি বেসরকারি ডেন্টাল কলেজে ১ হাজার ৩৬০টি আসন রয়েছে।
আর্মি মেডিকেল কলেজেও আসন বৃদ্ধি
সেনাবাহিনী পরিচালিত পাঁচটি মেডিকেল কলেজ—বগুড়া, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর ও রংপুরে আগে ৫০টি করে মোট ২৫০টি আসন ছিল। চলতি শিক্ষাবর্ষে বগুড়া ও কুমিল্লা আর্মি মেডিকেল কলেজে ১০টি করে আসন বাড়ানো হয়েছে। ফলে পাঁচটি আর্মি মেডিকেল কলেজে মোট আসনসংখ্যা দাঁড়িয়েছে ২৭০টি।
এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ১২৫টি এবং চট্টগ্রামে নৌবাহিনী পরিচালিত মেডিকেল কলেজে ৫০টি আসন রয়েছে।
নতুন তিনটি সরকারি মেডিকেল কলেজে প্রথমবারের মতো শিক্ষার্থী ভর্তি এবং বিদ্যমান কলেজগুলোর আসন পুনর্বিন্যাসের ফলে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে দেশের চিকিৎসা শিক্ষায় আসনসংখ্যা আরও বাড়ছে।
এমআর/