২৫ নভেম্বর, ২০২৬ ১১:১০ এএম

মেডিকেল ভর্তিতে অনগ্রসর জনগোষ্ঠীর যোগ্যতা শিথিল, জীববিজ্ঞানে জিপিএ ৩.০০

মেডিকেল ভর্তিতে অনগ্রসর জনগোষ্ঠীর যোগ্যতা শিথিল, জীববিজ্ঞানে জিপিএ ৩.০০
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির ক্ষেত্রে অনগ্রসর জনগোষ্ঠীর প্রার্থীদের আবেদনের যোগ্যতা শিথিল করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। নতুন ভর্তি নীতিমালা অনুযায়ী, এসব প্রার্থীর এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.০০ থাকতে হবে। পাশাপাশি জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৩.০০ নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করা হয়।

নীতিমালার ‘আবেদনকারীর যোগ্যতা ও সাধারণ নিয়মাবলি’ অংশের ২.৬ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘দেশের পশ্চাৎপদ জনগোষ্ঠী অর্থাৎ সব ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমানের দুটি পরীক্ষায় সর্বনিম্ন মোট জিপিএ ৮.০০ থাকতে হবে। এ ছাড়া জীববিজ্ঞানে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৩.০০ থাকতে হবে।’

আগের শিক্ষাবর্ষের তুলনায় এবার জীববিজ্ঞানে আবেদনের যোগ্যতা কমানো হয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অনগ্রসর জনগোষ্ঠীর প্রার্থীদের জন্য দুই পরীক্ষায় মোট জিপিএ ৮.০০ নির্ধারিত থাকলেও জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকার শর্ত ছিল। একই সঙ্গে এসএসসি ও এইচএসসির যেকোনো একটিতে এককভাবে জিপিএ ৩.৫০ এর কম থাকলে আবেদনের অযোগ্য বিবেচনা করার বিধান ছিল। তবে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নতুন নীতিমালায় এ ধরনের কোনো শর্ত রাখা হয়নি।

অর্থাৎ, নতুন নীতিমালায় অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৩.৫০ থেকে কমিয়ে ৩.০০ করা হয়েছে। পাশাপাশি কোনো একটি পরীক্ষায় এককভাবে জিপিএ ৩.৫০ থাকার বাধ্যবাধকতাও তুলে দেওয়া হয়েছে।

অন্যদিকে, সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের যোগ্যতা আগের বছরের মতোই রাখা হয়েছে। তাদের এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.৫০ থাকতে হবে। পাশাপাশি জীববিজ্ঞানে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩.৫০ অথবা এ-মাইনাস থাকতে হবে।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত