২৪ নভেম্বর, ২০২৬ ০৬:৩০ পিএম
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষা ও পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও সহজতর করতে জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’ বাজারে এনেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটির দাবি, এটি বিশ্বের প্রথম জেনেরিক ডিএমপিএ সাব-কিউটেনিয়াস গর্ভনিরোধক, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রিকোয়ালিফিকেশন পেয়েছে। বাংলাদেশের প্রথম ইউনিজেক্ট ডিভাইসে বাজারজাত করা এই ইনজেকশনটি নারীরা নিজেরাই প্রয়োগ করতে পারবেন।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে আনুষ্ঠানিকভাবে ওষুধটির উদ্বোধন করা হয়।

অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সভাপতি অধ্যাপক ডা. ফিরোজা বেগমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি অধ্যাপক ডা. আনোয়ারা বেগম। 

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি সোসাইটি অব বাংলাদেশের (এফএসএসবি) মহাসচিব অধ্যাপক ডা. মারুফ সিদ্দিকী। বক্তব্যে তিনি জানান, মেডোজেন সাবকিউতে রয়েছে মেড্রক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট বিপি ১০৪ মিলিগ্রাম/০.৬৫ মিলিলিটার। এটি প্রতি তিন মাস অন্তর (১২ থেকে ১৪ সপ্তাহ) ত্বকের নিচে প্রয়োগ করতে হয়। মাংসপেশিতে প্রয়োগযোগ্য ডিএমপিএ ইনজেকশনের তুলনায় এতে প্রায় ৩০ শতাংশ কম মাত্রার ওষুধ ব্যবহার করেই কার্যকর গর্ভনিরোধক সুরক্ষা পাওয়া যায়।

বলেন, ইউনিজেক্ট ডিভাইসে প্রস্তুত হওয়ায় প্রশিক্ষণ ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নারীরা নিজেরাই এটি প্রয়োগ করতে পারবেন। ফলে জন্মনিয়ন্ত্রণের জন্য বারবার স্বাস্থ্যসেবা কেন্দ্রে যাওয়ার প্রয়োজনীয়তা কমবে এবং পরিবার পরিকল্পনায় নারীদের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ ও অংশগ্রহণের সুযোগ বাড়বে।

এন্ডোমেট্রিওসিসের ব্যবস্থাপনায়ও এই ইনজেকশন

‘গর্ভনিরোধক হিসেবে ব্যবহারের পাশাপাশি এন্ডোমেট্রিওসিসজনিত ব্যথা ব্যবস্থাপনাতেও এই ইনজেকশন একটি মূল্যবান চিকিৎসা বিকল্প হিসেবে কাজ করবে। এ ক্ষেত্রে প্রতি তিন মাস অন্তর ত্বকের নিচে ১০৪ মিলিগ্রাম বা ০.৬৫ মিলিলিটার প্রয়োগের নির্দেশনা রয়েছে। তবে গর্ভনিরোধক হিসেবে কিংবা এন্ডোমেট্রিওসিসের চিকিৎসায় ব্যবহারের আগে অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ওজিএসবির সাবেক সভাপতি ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েবা আক্তার বলেন, ‘সাবকিউটেনিয়াস কন্ট্রাসেপটিভ ইনজেকশন শুধু আমাদের দেশে নতুন একটি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির সংযোজন নয়; বরং নারীদের নিজেদের প্রজননস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকারের একটি স্বীকৃতি। একই সঙ্গে এই পদ্ধতির উদ্বোধন নারীস্বাস্থ্য, প্রজননস্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবাকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

ব্যবহারে দক্ষতা অর্জনে নারীদের প্রশিক্ষণের আহ্বান 

‘ইনসেফটা ফার্মাসিউটিক্যালসের প্রতি আমার আহ্বান থাকবে, নতুন এই পদ্ধতিটি দেশে নিয়ে আসার মাধ্যমে আপনারা একটি সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন। একই সঙ্গে এর সঙ্গে যুক্ত হয়েছে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। নারীরা যেন সঠিকভাবে এই পদ্ধতি ব্যবহারে দক্ষতা অর্জন করতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সচেতনতা তৈরি করতে হবে। পাশাপাশি এর ব্যবহার নিয়মিত পর্যবেক্ষণ এবং দীর্ঘমেয়াদি প্রভাব মূল্যায়নের উদ্যোগও নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘প্রত্যেক নারীর অধিকার রয়েছে—তিনি মা হবেন কি-না, কতটি সন্তান নেবেন এবং তাঁর জন্য কোন প্রজননস্বাস্থ্য পদ্ধতি উপযুক্ত, সে বিষয়ে নিজে সিদ্ধান্ত নেওয়ার। সাবকিউটেনিয়াস কন্ট্রাসেপটিভ ইনজেকশন নারীদের সেই সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে।’

বিশ্বব্যাপী নারী প্রজননস্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অগ্রগতি

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. ফিরোজা বেগম বলেন, মেডোজেন সাবকিউর উদ্বোধন শুধু বাংলাদেশ নয়, বরং বিশ্বব্যাপী নারীদের প্রজননস্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। বাংলাদেশে বিশ্বের প্রথম জেনেরিক সাবকিউটেনিয়াস ডিএমপিএ ‘মেডোজেন সাবকিউ’ নিয়ে আসার উদ্যোগ বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল শিল্পের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন এবং নারীদের প্রজননস্বাস্থ্যসেবার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তিনি আরও বলেন, ১০৪ মিলিগ্রাম ডোজ, প্রি-ফিলড ইউনিজেক্ট ডিভাইস এবং তিন মাসের গর্ভনিরোধক সুরক্ষার মাধ্যমে মেডোজেন সাবকিউ নারীদের জন্য আরও সুবিধাজনক একটি বিকল্প তৈরি করেছে। যথাযথ প্রশিক্ষণ গ্রহণের পর নিজেরাই এটি ব্যবহারের সুযোগ থাকায় নারীদের স্বাধীনতা, গোপনীয়তা ও ক্ষমতায়ন আরও সুসংহত হবে।

নারীদের কাছে গ্রহণযোগ্য ও পছন্দের বিকল্প

ওজিএসবির সভাপতি বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এই গর্ভনিরোধক পদ্ধতিকে নারীদের কাছে একটি গ্রহণযোগ্য ও পছন্দের বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব। একই সঙ্গে দেশের প্রত্যন্ত ও অনগ্রসর জনগোষ্ঠীর কাছেও এর সহজলভ্যতা নিশ্চিত করতে হবে।

বক্তব্য রাখেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির। তিনি বলেন, মেডোজেন সাবকিউ সাধারণ কোনো ওষুধ নয়। এর পেছনে রয়েছে দীর্ঘদিনের কারিগরি, প্রযুক্তিগত ও চিকিৎসাবিজ্ঞানের গবেষণা ও প্রচেষ্টা। বাংলাদেশসহ বিশ্বের নারীদের স্বাস্থ্যসেবায় এটি একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এতে দেশের প্রায় পাঁচ শতাধিক বিশিষ্ট স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ অংশ নেন।

‘নারীদের জন্য আশীর্বাদ মেডোজেন সাবকিউ’

সভাপতির বক্তব্যে অধ্যাপক ফিরোজা বেগম বলেন, মেডোজেন সাবকিউ শুধু বাংলাদেশের নারীদের জন্য নয়, বরং বিশ্বের নারীদের জন্যও আশীর্বাদস্বরূপ। এর নিরাপদ কার্যকারিতা ও স্বপ্রয়োগযোগ্য ব্যবহারবিধি নারীদের জন্য জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি করেছে। পাশাপাশি এন্ডোমেট্রিওসিসের চিকিৎসায় এটি ব্যবহারের ফলে চিকিৎসা ব্যয় প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত কমে আসতে পারে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষজ্ঞ প্যানেল আলোচনায় অংশ নিয়ে ওজিএসবির সাবেক সভাপতি অধ্যাপক ডা. ফেরদৌসী বেগম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে পিল ব্যবহারে উৎসাহ দিয়ে আসছি। কিন্তু পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, এখনো প্রায় ৫০ শতাংশ নারী পিলের ওপর নির্ভরশীল। অন্যদিকে সবচেয়ে কার্যকর জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিগুলোর একটি ইনট্রা-ইউটেরিন কনট্রাসেপটিভ ডিভাইস (আইইউসিডি) ব্যবহারের হার সবচেয়ে কম। এমনকি আইইউসিডির তুলনায় স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহারও বেশি। ইমপ্ল্যান্টের ব্যবহার কিছুটা জনপ্রিয় হলেও পিলের পর ইনজেকশনই নারীদের মধ্যে অন্যতম জনপ্রিয় জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি।’

‘এ অবস্থায় প্রচলিত ইনজেকশনের পরিবর্তে স্বপ্রয়োগযোগ্য সাবকিউটেনিয়াস ইনজেকশন চালু করা নিঃসন্দেহে ইতিবাচক উদ্যোগ। বিশ্বের প্রায় ৫৫টি দেশে, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশেও এই পদ্ধতি ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশেও এটি ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে এবং এটি দেশের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।’

‘তাই এই পদ্ধতি ব্যবহারে অযথা দ্বিধার কোনো কারণ নেই। তবে এর নিরাপদ ও সঠিক ব্যবহার নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে, রোগীকে পদ্ধতিটি সম্পর্কে বিস্তারিত বোঝানো, প্রয়োজনীয় পরামর্শ দেওয়া এবং ব্যবহারের নিয়ম সম্পর্কে যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করা জরুরি।

পরিবার পরিকল্পনা সেবায় এটি চমৎকার সংযোজন উল্লেখ করে তিনি বলেন, ‘নারীদের প্রজননস্বাস্থ্যসেবায় এমন একটি কার্যকর ও সুবিধাজনক পদ্ধতি যুক্ত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।’

আলোচনায় আরও অংশ নেন এফএসএসবির সভাপতি অধ্যাপক ডা. রাশিদা বেগম, ওজিএসবির সভাপতি নির্বাচিত অধ্যাপক ডা. শেহরীন এফ সিদ্দিকা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ও প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. মুশাররাত সুলতানা সুমী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক (এমসিএইচ) ডা. মঞ্জুর হোসেন, ওজিএসবির বৈজ্ঞানিক সম্পাদক তাবাসসুম পারভীন এবং এফএসএসবির কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নুশরাত মাহমুদ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ওজিএসবির মহাসচিব ডা. এফএম আনামুল হক। ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনটির সাবেক সভাপতি অধ্যাপক ডা. আনোয়ারা বেগম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের বন্ধ্যত্ব ও প্রজননস্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শারমীন আব্বাসী এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফারাহ নুর।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত