অসত্য তথ্যে অধ্যাপক পদে নিয়োগের অভিযোগ, বিএমইউর চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত কমিটি
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম এবং প্রকাশনার ঘাটতি সত্ত্বে নিয়োগের তথ্য সামনে এসেছে। বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক পদে ডা. নাসরিন চৌধুরীর নিয়োগকে কেন্দ্র করে এই বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, বিজ্ঞপ্তির ন্যূনতম শর্ত পূরণ না করে প্রকাশনা ঘাটতি ও ‘অ্যাক্সেপ্টেন্স লেটারের’ জোরে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি বিভিন্ন পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। এতে অধ্যাপক পদে আবেদন করেন ডা. নাসরিন চৌধুরীসহ ১১ জন চিকিৎসক। এর মধ্যে তৈরি করা পাঁচজনের সংক্ষিপ্ত তালিকা থেকে একই বছরের ২৬ জুন নিয়োগপ্রাপ্ত হন ডা. নাসরিন। এর পর তার নিয়োগসংক্রান্ত নথি পর্যালোচনায় চাকরির অভিজ্ঞতা, পদোন্নতির সময়কাল এবং গবেষণাপত্র প্রকাশনার শর্ত পূরণ নিয়ে একাধিক অসঙ্গতি থাকার অভিযোগ উঠে।
পাবলিকশন ছাড়াই অধ্যাপক!
জানা গেছে, বিএমইউর নিয়ম অনুযায়ী অধ্যাপক পদের জন্য ন্যূনতম তিনটি ইনডেক্সড জার্নালে (স্কোপাস বা পাবমেড) প্রকাশনা থাকার বাধ্যবাধকতা রয়েছে। তবে অভিযুক্ত শিক্ষকের দুটি প্রকাশনা ও একটি অ্যাক্সেপ্টেন্স লেটার ছিল। এমনকি সহযোগী অধ্যাপক থাকাকালীন প্রথম অথার বা করেসপন্ডিং অথর হিসেবে ন্যূনতম তিনটি গবেষণা থাকার নিয়ম থাকলেও তার ছিল মাত্র দুটি।
এ ছাড়া বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) আইন অনুযায়ী, সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক হতে তিন বছরের অভিজ্ঞতার প্রয়োজন হলেও তিনি ১ বছর ১১ মাস কাজ করেই সহযোগী অধ্যাপক হয়েছেন, যা সম্পূর্ণ আইনের পরিপন্থী।
পোস্ট-গ্রাজুয়েশনের আগেই সহকারী অধ্যাপক
বিএমইউর আবেদনপত্রে ডা. নাসরিন চৌধুরী ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনের দাবি করেছেন, অথচ তিনি এমডি ডিগ্রি অর্জন করেছেন ২০০৪ সালে। পোস্ট-গ্রাজুয়েশন ডিগ্রি ছাড়াই ওই প্রতিষ্ঠানে তিনি কীভাবে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসকরা।
অভিযোগকারীদের প্রশ্ন, উচ্চতর ডিগ্রি অর্জনের আগেই তিনি সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনের দাবি করেছেন, যা বিএমডিসির প্রযোজ্য যোগ্যতার শর্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এক্ষেত্রে নথিতে উল্লিখিত অভিজ্ঞতার সময়কাল ও প্রকৃত নিয়োগের তারিখের মধ্যে অসঙ্গতি রয়েছে বলে দাবি করেছেন তারা।
ক্ষতিগ্রস্তদের আবেদন
এসব অনিয়মের কারণে বিএমইউতে চাকরিতে স্থায়ী হওয়ার আগেই অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে রেজিস্ট্রার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং বিএমডিসির লিখিত অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত দুই চিকিৎসক। তারা হলেন—খুলনা সিটি মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ডা. মাসুদ মো. আব্দুল আজিজ ও রাজশাহী মেডিকেলের সহযোগী অধ্যাপক ডা. মোহা. মাহবুবুর রহমান, যারা একই পদে আবেদন করে বঞ্চিত হওয়ার অভিযোগ করেছেন।
অধ্যাপক পদে নিয়োগের অনিয়ম নিয়ে ব্যবস্থা গ্রহণ করতে ইউজিসির চেয়ারম্যান বরাবর গত ১৯ অক্টোবর আবেদন করেন অধ্যাপক ডা. মাসুদ আজিজ। এতে বলা হয়, ‘জনাব, সবিনয় নিবেদন এই যে, স্মারক নং: বিএমইউ/২০২৫/১০৭৮, তারিখ: ০৬/০২/২০২৫ ইং এ প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগে অধ্যাপক পদে সার্কুলারের পরিপ্রেক্ষিতে, আমি আবেদন করি। বায়োকেমিস্ট্রি বিভাগে অধ্যাপক পদে নিয়োগে অনিয়ম হয়েছে এবং আমি নিয়োগ বঞ্চিত হয়েছি। অতএব, উক্ত নিয়োগের অনিয়ম তদন্ত করে আমার নিয়োগের ব্যবস্থা নিতে জনাবের মর্জি হয়।’
একই অভিযোগ করেন আরেক প্রার্থী রাজশাহী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মোহা. মাহবুবুর রহমান। এ বিষয়ে ব্যবস্থা চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামালের কাছে করা আবেদনে তিনি বলেন, ‘সবিনয় নিবেদন এই যে, স্মারক নং বিএমইউ/২০২৫/১৩৭৮, তারিখঃ ০৬/০২/২০২৫ ইং এ প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগে অধ্যাপক পদে সার্কুলারের পরিপ্রেক্ষিতে আমি আবেদন করি। বায়োকেমিস্ট্রি বিভাগে উক্ত অধ্যপক পদে ডা. নাসরিন চৌধুরীর নিয়োগে অনিয়ম হয়েছে। অতএব, উক্ত নিয়োগের অনিয়ম তদন্ত করে ব্যবস্থা নিতে জনাবের মর্জি হয়।’
তার অভিযোগ, ‘চাকুরির বিজ্ঞপ্তির বিধিমালা অনুযায়ী অধ্যাপক ডা. নাসরিন চৌধুরীর নিম্নোক্ত ঘাটতি রয়েছে। সেগুলো হলো—'স্কোপাস/পাবমেড ইনডেক্সড জার্নালে ন্যূনতম ৩টি প্রকাশনা থাকতে হবে। অথচ তার প্রকাশিত
প্রকাশনা ২টি, সহযোগী অধ্যাপক সময়কালে ফার্স্ট অথার/করেস্পন্ডিং অথার হিসেবে নূন্যতম ৩টি প্রকাশনা থাকতে হবে, আছে ২টি এবং বিএমডিসির নিয়ম অনুযায়ী সহকারী অধ্যাপক হিসেবে ৩ বছর অভিজ্ঞতা থাকলে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি হয়। ডা. নাসরিন চৌধুরী আবেদন এর সময় তথ্য দিয়েছেন তিনি ২০০২ থেকে ২০০৬ পর্যন্ত তিনি বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক ছিলেন। কিন্তু ওই মেডিকেলে তিনি ২০০৪ থেকে ২০০৬ পর্যন্ত মোট ১ বছর ১১ মাস কর্মরত ছিলেন।’
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। তারা অধ্যাপক হিসেবে ডা. নাসরিন চৌধুরীর চাকরি স্থায়ীকরণ প্রক্রিয়া স্থগিত করে।
গত ২৪ সেপ্টেম্বর ডা. নাসরিন চৌধুরীর কাছে পাঠানো বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত স্থগিতাদেশে বলা হয়, ‘জনাব, স্মারক নং-বিএমইউ/২০২৬/১০২৪৪, তারিখ: ২৪/০৯/২০৬খ্রি. তারিখ মোতাবেক এই বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক হিসেবে নিয়োগ ও দাখিলকৃত আপনার যোগদানপত্র এবং এক বৎসর পরীক্ষাকালীন (অন প্রবেশন) সময়কাল উত্তীর্ণ হওয়ায় চাকরী স্থায়ীকরণের যে আদেশ প্রদান করা হয়েছিল তা আপনার বিরুদ্ধে প্রকাশনা ঘাটতি ও অন্যান্য আনীত অভিযোগের প্রেক্ষিতে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এতদ্বসঙ্গে উক্ত আদেশ স্থগিত করা হলো।’
অভিযোগ তদন্তে কমিটি গঠন
একই সঙ্গে ডা. নাসরিন চৌধুরীর বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে কমিটি গঠন করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের এ সংক্রান্ত এক নোটিশে বলা হয়েছে, ‘বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ডাক্তার নাসরিন চৌধুরী এর অধ্যাপক পদে চাকরি স্থায়ীকরণের প্রাক্কালে তার প্রকাশনা ও অভিজ্ঞতার ঘাটতি রয়েছে বলে রাজশাহী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. মাহবুবুর রহমান যে লিখিত অভিযোগ করেছেন, তা কর্তৃপক্ষের গোচরিভূত হওয়ায় উক্ত অভিযোগের বিষয়টি যাচাই-বাছাই করে সুপারিশ পেশকরণের নিমিত্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নিম্নরূপ তদন্ত কমিটি গঠন করা হলো।’
কমিটির সদস্যরা হলেন—বিএমইউর ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল কাদের, বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের অধ্যাপক ডা. এ কে এম ছফিউল্লাহ ও বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার-১ ডা. মো. সামছুজ্জামান।
গত ৯ নভেম্বর গঠিত তদন্ত কমিটিকে আগামী ২৪ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।
সংক্ষুব্ধ চিকিৎসকদের অভিযোগ, প্রভাবশালী মহলের প্রভাবে এই অনিয়মকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে এবং যেনতেন তদন্তের মাধ্যমে বিষয়টি এড়ানোর পাঁয়তারা করা হচ্ছে। চিকিৎসকদের এই অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন তারা।
জানতে চাইলে ডা. মাহবুবুর রহমান মেডিভয়েসকে বলেন, ‘এভাবে একটি নির্বাচন বোর্ড গঠন করে কার্যত নাটক সাজানো হয়েছে, যাতে শেষ পর্যন্ত নির্দিষ্ট প্রার্থীকেই নির্বাচিত করা যায়। প্রার্থীদের যোগ্যতা, পিএইচডি ডিগ্রি কিংবা অন্যান্য একাডেমিক মানদণ্ড যথাযথভাবে বিবেচনা না করে বাছাইপ্রক্রিয়াকে নিজেদের পছন্দমতো পরিচালনা করা হয়েছে। স্ক্রুটিনির মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থীকে সামনে আনা হয়েছে এবং পুরো প্রক্রিয়াটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে তাঁকেই চূড়ান্তভাবে নির্বাচিত করা যায়। চাকরি হওয়ার আগেই এটি প্রচারিত হয় যে, নাসরীন চৌধুরী নিয়োগ পেতে যাচ্ছেন।’
অযোগ্য প্রার্থীকে নিয়োগের অভিযোগ করে ডা. মাসুদ আজিজ মেডিভয়েসকে বলেন, ‘আমি ২০০১ সালে বিএমইউ থেকে ডিগ্রি সম্পন্ন করি। যে কোনো মানদণ্ডে অন্যদের তুলনায় আমার অবদান রাখার যোগ্যতা ছিল। অথচ যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি একাধিক মানদণ্ডে অযোগ্য।’
অভিযোগ অস্বীকার অধ্যাপক মোজাম্মেল হকের
তবে নিয়োগ প্রক্রিয়ায় কোনো অনিয়ম করেননি জানিয়ে অধ্যাপক ডা. মোজাম্মেল হক মেডিভয়েসকে বলেন, ডা. নাসরীন চৌধুরীর নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের যোগ্যতার ঘাটতি বা অনিয়ম ছিল না। তাঁর শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা, গবেষণাপত্র এবং শিক্ষকতা—সব ক্ষেত্রেই প্রয়োজনীয় শর্ত পূরণ হয়েছে।
তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করার পর ডা. নাসরীন চৌধুরী বায়োকেমিস্ট্রিতে এমডি ও এফসিপিএস ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া কানাডা থেকে মেডিকেল এডুকেশনে স্নাতকোত্তর ডিপ্লোমা করেছেন। তাঁর সব প্রকাশনাও নিয়োগের শর্ত অনুযায়ী সম্পন্ন ছিল।
গবেষণাপত্রের গ্রহণযোগ্যতা প্রসঙ্গে তিনি বলেন, ডা. নাসরীনের একটি গবেষণাপত্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইনডেক্সড জার্নালে প্রকাশের জন্য গৃহীত হয়েছিল। তবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগেই জমা দেওয়া ওই গবেষণাপত্রটি তখনো প্রকাশিত হয়নি। জার্নালের সম্পাদকের দেওয়া গ্রহণপত্র (অ্যাকসেপ্টেন্স লেটার) নিয়োগ বোর্ডে উপস্থাপন করা হয়েছিল এবং বোর্ডের সদস্যরা সেটি দেখেছেন।
প্রকাশের জন্য গৃহীত গবেষণাপত্রও নির্ধারিত শর্ত পূরণের ক্ষেত্রে গ্রহণযোগ্য দাবি করে অধ্যাপক ডা. মোজাম্মেল হক নিজের অধ্যাপক পদে নিয়োগের ক্ষেত্রেও গ্রহণপত্র ব্যবহারের উদাহরণ তুলে ধরেন।
তদন্ত হলে বক্তব্য তুলে ধরবেন ডা. নাসরীন
এদিকে নিয়োগসংক্রান্ত অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো চিঠি পাননি বলে জানিয়েছেন ডা. নাসরীন চৌধুরী। তাঁর দাবি, কী ধরনের অনিয়মের অভিযোগ আনা হয়েছে, সে সম্পর্কেও তিনি অবগত নন। অভিযোগের বিষয়ে তদন্ত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিজের বক্তব্য ও প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন করবেন।
নিজের নিয়োগের পক্ষে সব প্রয়োজনীয় নথিপত্র যথাযথভাবে উপস্থাপন করেছেন দাবি করে তিনি বলেন, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, প্রার্থী বাছাই, সাক্ষাৎকার গ্রহণ ও চূড়ান্ত নিয়োগের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকেই প্রক্রিয়াটির ব্যাখ্যা নেওয়া উচিত। প্রয়োজনে তিনি সরাসরি উপস্থিত হয়ে নিজের সব নথিপত্র দেখাতে প্রস্তুত রয়েছেন।
নিজের নিয়োগ ও পেশাগত পদোন্নতিতে কখনো কোনো ধরনের প্রভাব বিস্তার করেননি জানিয়ে তিনি বলেন, ব্যক্তিগতভাবে কাউকে প্রভাবিত করা কিংবা নিজের পদোন্নতির জন্য অনৈতিক কোনো উদ্যোগ নেওয়ার সঙ্গে তিনি কখনোই জড়িত ছিলেন না। আর্মি মেডিকেল কলেজে দায়িত্ব পালনকালে অধ্যাপক পদে নিয়োগ, অধ্যক্ষের দায়িত্ব পালন কিংবা সংশ্লিষ্ট কোনো নথিপত্রে অনিয়ম করেননি।
বিএমইউতে অধ্যাপক পদে তাঁর চাকরি স্থায়ীকরণের জন্য একটি চিঠি দেওয়া হয়েছিল জানিয়ে তিনি বলেন, তবে চিঠি দেওয়ার প্রায় এক সপ্তাহ পর সেটি স্থগিত করা হয়। কেন স্থগিত করা হয়েছিল, সে বিষয়ে তাঁকে কোনো কারণ জানানো হয়নি।
তাঁর দাবি, প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী এক বছরের কর্মদক্ষতা ও সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করা হয় এবং তাঁর ক্ষেত্রেও বিভাগীয় মূল্যায়ন সন্তোষজনক ছিল বলে দাবি করেন ডা. নাসরীন।
তিনি আরও বলেন, সরকারি-বেসরকারি উভয় প্রতিষ্ঠানের চিকিৎসকদের যোগ্যতা ও অভিজ্ঞতার তথ্য বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে (বিএমডিসি) পাঠানো হয়। তাঁর ক্ষেত্রেও প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া হয়েছে। তবে এতদিন এসব নথি নিয়ে কোনো আপত্তি তোলা হয়নি।
বিভিন্ন সময়ে তাঁকে নিয়ে একাধিক অভিযোগ ও চিঠি দেওয়া হয়েছে উল্লেখ করে ডা. নাসরীন চৌধুরী বলেন, প্রতিবারই ভিন্ন ভিন্ন বিষয় সামনে আনা হয়েছে। এমনকি কুরুচিপূর্ণ ভাষায় চিঠি দেওয়া হতো। যারা তাঁকে এই অবস্থানে চান না, তারা ষড়যন্ত্রমূলকভাবে এই পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তবে বর্তমান অভিযোগগুলোর সুনির্দিষ্ট বিষয়বস্তু তাঁর কাছে না থাকায় সেগুলোর জবাব দেওয়া সম্ভব হচ্ছে না।
এই পদে আসার জন্য আগ্রহ ছিল না জানিয়ে তিনি বলেন, ‘অভিযোগ সত্য প্রমাণিত হলে আমি চলে যাব। এই পদে আসার জন্য আমার বিশেষ কোনো আগ্রহ ছিল না। আমি আগে ভালো প্রতিষ্ঠানেই ছিলাম। তবে সংশ্লিষ্ট বিভাগ মনে করেছে, আমার থাকা প্রয়োজন।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. শাহিনুল আলম মেডিভয়েসকে বলেন, তখন এককভাবে প্রভাব খাটানোর কোনো সুযোগ ছিল না। এর পরও যদি কোনো অনিয়ম হয়ে থাকে, আপনি যেহেতু বলেছেন, ঘটনা তদন্তে কমিটি হয়েছে। সুতরাং কমিটি তদন্ত করুক। সত্যটা বেরিয়ে আসবে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল মেডিভয়েসকে বলেন, সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরই বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। কমিটির প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
নিয়োগের সময়কার প্রক্রিয়া ও সংশ্লিষ্ট চিকিৎসকের যোগ্যতা নিয়ে ওঠা প্রশ্নের বিষয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট চিকিৎসকের নিয়োগের সময় তিনি দায়িত্বে ছিলেন না। ফলে তখন কী হয়েছে বা কী প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে, সে বিষয়ে তাঁর পক্ষে কোনো মন্তব্য করা সম্ভব নয়।
তদন্ত যথাযথ প্রক্রিয়ায় এগোনোর দাবি
তদন্ত কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, বিষয়টি যথাযথ প্রক্রিয়ায় এগোচ্ছে। এ নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তদন্ত কার্যক্রমের প্রক্রিয়া এগিয়ে চলছে এবং প্রয়োজনীয় কার্যক্রম একটি নির্ধারিত ধারায় রয়েছে।
কমিটি গঠন এবং এই কার্যক্রমে রেজিস্ট্রারের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উচ্চপর্যায়ের কর্তৃপক্ষের মাধ্যমে এ ধরনের কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের ক্ষেত্রে রেজিস্ট্রারের দপ্তর সরাসরি সিদ্ধান্ত গ্রহণ করে না; বরং কমিটি গঠনের পর সংশ্লিষ্ট কার্যক্রমের ফলোআপ বা অগ্রগতি তদারকির দায়িত্ব পালন করে।
এ বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করেও বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে মুঠোফোনে পাওয়া যায়নি।
এমইউ/