হৃদরোগ ইনস্টিটিউটে র্যালি ও আলোচনা
জাতীয় রক্তনালি দিবসে মেডিকেলগুলোতে ভাস্কুলার সার্জারি বিভাগ চালুর আশ্বাস
মেডিভয়েস রিপোর্ট: ‘জাতীয় ভাস্কুলার ডে’ উপলক্ষে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্বাস্থ্য সেবা অধিদপ্তর থেকে বিভিন্ন মেডিকেল কলেজে ভাস্কুলার সার্জারি বিভাগ চালু করার আশ্বাস দেওয়া হয়।
রোববার (১ নভেম্বর) সকাল ৮টায় র্যালির আয়োজন করা হয়েছে। এতে সুস্থ্য ধমনী, সুস্থ্য শিরা- সুস্থ্য দেহের ভিত্তি গড়া শীর্ষক স্লোগানকে সামনে রেখে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও স্বাস্থ্য সেবা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন ও অধ্যাপক প্রভাতচন্দ্র বিশ্বাস, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. ইব্রাহীম চৌধুরী, সোসাইটির কনভেনর ডা. বজলুল গনি ভূঁইয়া, অধ্যাপক আবুল বাশার, অধ্যাপক জি. এম. মকবুল হোসেনসহ সোসাইটির নেতৃবৃন্দ, শিক্ষক, চিকিৎসক ও নার্সবৃন্দ।
পরবর্তীতে হাসপাতালের সেমিনার কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় স্বাস্থ্য সেবা অধিদপ্তরের মহাপরিচালক দেশের পুরোনো আটটি মেডিকেল কলেজসহ মোট ১৩টি মেডিকেল কলেজে ভাস্কুলার সার্জারি বিভাগ চালু করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগের ওপর গুরুত্বারোপ করেন এবং উদ্যোগটি বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন ভাস্কুলার সার্জারির উন্নয়নে অতীতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা স্মরণ করেন। পাশাপাশি এ খাতের ক্রমাগত অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
সভায় সভাপতির বক্তব্যে ডা. বজলুল গনি ভূঁইয়া জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের নাম পরিবর্তন করে ‘কার্ডিয়াক ও ভাস্কুলার হাসপাতাল’ নামকরণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বক্তারা বলেন, ভাস্কুলার সার্জারি স্বাস্থ্যসেবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষায়িত শাখা। এ ক্ষেত্রে জরুরি ও নিয়মিত চিকিৎসাসেবা নিশ্চিত করতে অন্যান্য বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এবং সংশ্লিষ্ট প্রশাসনের সমন্বিত সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে এ খাতের উন্নয়নে সরকারি ও বেসরকারি উভয় পর্যায়কে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
হাসপাতালের সেমিনার কক্ষে আয়োজিত আলোচনা সভায় শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অত্যন্ত গুরুত্ব ও সাফল্যের সঙ্গে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
এমআই/