বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট চালু ১ জানুয়ারি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: দীর্ঘদিন অবহেলা ও অযত্নে পড়ে থাকা সাভারের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট (বিআইএইচএম) আগামী ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিষ্ঠানটির সব ধরনের সংস্কারকাজ শেষ করে কার্যক্রম শুরুর উপযোগী করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সাভারে প্রতিষ্ঠানটির অবকাঠামো পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
পরিদর্শন শেষে বিআইএইচএমের সম্মেলন কক্ষে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব এবং গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী দুই সপ্তাহের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও গণপূর্ত অধিদপ্তরের সমন্বয়ে একটি যৌথ টিম প্রতিষ্ঠানটি সরেজমিন পরিদর্শন করবে। এ সময় ভবনের নষ্ট ও চুরি যাওয়া সরঞ্জামের তালিকা (ইনভেন্টরি) তৈরি করা হবে। পাশাপাশি আগামী এক থেকে দুই দিনের মধ্যে কর্মকর্তাদের বসার ব্যবস্থা এবং বিদ্যুৎ সাব-স্টেশন চালুর প্রয়োজনীয় উদ্যোগ নেবে গণপূর্ত বিভাগ।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, বিগত সরকারের সময়ে অব্যবস্থাপনা ও অবহেলার কারণে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন পড়ে ছিল। এটিকে দেশের চিকিৎসকদের দক্ষ প্রশাসক হিসেবে গড়ে তোলার একটি জাতীয় প্রশিক্ষণ কেন্দ্রে রূপান্তর করা হবে। উদ্বোধনের পর থেকে এখানে চিকিৎসকদের প্রশাসনিক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।
বিগত সরকারের সময় স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে প্রতিমন্ত্রী বলেন, জনগণের অর্থ অপচয় এবং দুর্নীতির কারণে দেশের স্বাস্থ্যব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের ভোটে দায়িত্ব গ্রহণের পর বর্তমান সরকার একটি ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থা পেয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফিরে ‘উই হ্যাভ এ প্ল্যান’ (আমাদের একটি পরিকল্পনা আছে) ঘোষণা দিয়েছিলেন। সেই পরিকল্পনার অংশ হিসেবে দেশের পুনর্গঠন এবং স্বাস্থ্যব্যবস্থাকে নতুনভাবে সাজানোর কাজ চলছে। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। বর্তমান সরকার জনসভার রাজনীতির পরিবর্তে জনসেবার রাজনীতিতে গুরুত্ব দেবে বলেও উল্লেখ করেন তিনি।
অবকাঠামো পরিদর্শন ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার) আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফোয়ারা তাসনিম এবং অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হানসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা।
এমআর/