হামের উপসর্গে আরও দুইজনের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৯১ জন।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৫১ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং এর উপসর্গ নিয়ে এক হাজার ১৪৬ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩১৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ২৭ হাজার ৬৭৩ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৫ জন। এ নিয়ে দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৩ হাজার ৭৭০ জন।
এদিকে, গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে দুই লাখ ২ হাজার ৬৩৯ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৯৪ হাজার ৩৯৯ জন।
এমআই/