এবার গাজীপুরে পোশাক কারখানার গুদামে আগুন
মেডিভয়েস রিপোর্ট: গাজীপুরে কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।
আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা ১৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে সকাল ১০টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গুদামে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে প্রথমে পাঁচটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। সব মিলিয়ে আগুন নিয়ন্ত্রণে নয়টি ইউনিট কাজ করছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে (১৭ অক্টোবর) কক্সবাজার উখিয়ার পাটুয়ারটেকে বাঁশের তৈরি একটি তিনতলা রিসোর্টে (টুপটুপ রেস্তোরাঁ ও রিসোর্ট) ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এই ঘটনায় ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয় এবং বেশ কয়েকজন আহত হন। শর্টসার্কিট ও পরবর্তীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানা যায়।
জেএইচ/