২২ অক্টোবর, ২০২৬ ০৩:১৫ পিএম

কক্সবাজারে সাগরে নেমে নিখোঁজ, প্রাণহানি বেড়ে চার 

কক্সবাজারে সাগরে নেমে নিখোঁজ, প্রাণহানি বেড়ে চার 
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কক্সবাজারের হিমছড়ি সৈকতে জোয়ারের পানিতে ডুবে নিখোঁজ হওয়া আরও এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে সৈকতের হিমছড়ি এলাকার সাগর বিলাস এলাকায় ওই পর্যটকের লাশ উদ্ধার করা হয়। নিহত পর্যটকের নাম মোহাম্মদ হারুন (২০)। তিনি চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার শেরশাহ জামতলা এলাকার মোহাম্মদ কবিরের ছেলে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান বলেন, নিখোঁজ আরেক পর্যটকের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও লাইফগার্ড কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।

এর আগে, বুধবার (২১ অক্টোবর) বিকেলে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের হিমছড়ি মেরিনা রিসোর্টের জাদুঘর-সংলগ্ন সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়। নিহতরা হলেন—ঢাকার উত্তরা দিয়াবাড়ী এলাকার মোকাররম হোসেনের ছেলে আল মাহিবুর ইবনে মোকাররম (২৪), একই এলাকার সাইবুল হক জিসান (২৩) এবং চট্টগ্রামের বায়েজিদ এলাকার আকাশ (২১)। এ ঘটনায় আরও দুজন নিখোঁজ ছিলেন।

বর্তমানে নিখোঁজ রয়েছেন এস এম নাফিসুর রহমান নিবিড় (২২)। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি ঢাকার উত্তরা আজিমপুর এলাকায়। তিনি নাবিবুর রহমানের ছেলে।

উপজেলা প্রশাসন, থানা-পুলিশ ও স্থানীয় লোকজনের সূত্রে জানা গেছে, বুধবার পর্যটকদের দুটি দল প্যাঁচার দ্বীপ জাদুঘর-সংলগ্ন রেজুখাল পেরিয়ে খাল ও সমুদ্রের মধ্যবর্তী জেগে ওঠা চরে ঘুরতে যায়। বিকেলে জোয়ার শুরু হলে পানি বাড়তে থাকে। একপর্যায়ে জোয়ারের পানিতে চরটি তলিয়ে গেলে পর্যটকেরা ডুবে যান।

এ সময় স্থানীয় লোকজন চট্টগ্রাম থেকে আসা পর্যটক দলের তিন সদস্যকে জীবিত উদ্ধার করেন। তাঁরা হলেন রাকিব হাসান (১৯), মো. সানী (২০) ও মো. আকাশ। রাকিব ও সানী চট্টগ্রামের বায়েজিদ এলাকার বাসিন্দা। আকাশের বাড়ি নোয়াখালী। তাঁরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক