ডেঙ্গু প্রতিরোধে মুগদায় র্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর মুগদায় পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন, ডেঙ্গু নিয়ন্ত্রণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহযোগিতায় ‘আইডিয়াল-৯০’ ও জাতীয়তাবাদী সাস্টিয়ান সোসাইটির উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে মুগদা সালেক-নূর গার্ডেনে ঢাকা-৯ আসনের বিএনপির নির্বাচনী কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি ব্যাংক কলোনি ও ওয়াসা রোড সংলগ্ন এলাকা প্রদক্ষিণ করে হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এর পাশাপাশি ব্যাংক কলোনি ও ওয়াসা রোড সংলগ্ন মান্ডা খাল এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি মশক নিধনে ওষুধ ছিটানো এবং ফগিং কার্যক্রম পরিচালনা করা হয়।
র্যালি শেষে হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
অনুষ্ঠানে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং সরকারের সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বক্তব্য দেন।
আয়োজকরা বলেন, পরিচ্ছন্ন, সবুজ ও মশকমুক্ত ঢাকা গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহানে ফেরদৌস (ভেনাস), মুগদা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মাহমুদ আলম তারেক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আঞ্চলিক কর্মকর্তারা, মুগদা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান দিপু, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী সাস্টিয়ান সোসাইটির সভাপতি সৈয়দ সুলতান, মুগদা থানা বিএনপির নেতৃবৃন্দ এবং আইডিয়াল-৯০ ও জাতীয়তাবাদী সাস্টিয়ান সোসাইটির সদস্য ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। এর মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্র হোস্টেলের সুপার এবং বিসিএস স্পেশালিস্ট ডক্টরস ফোরামের সদস্য সচিব ডা. মোহাম্মদ আল আমিন।
এমইউ/