চিকিৎসকদের উচ্চতর প্রশিক্ষণে চীন-পাকিস্তানের সঙ্গে কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: দেশের চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি এবং বৈশ্বিক অভিজ্ঞতা অর্জনের পথ সুগম করতে আন্তর্জাতিক ফেলোশিপ ও উচ্চতর প্রশিক্ষণের পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।
এজন্য চীন ও পাকিস্তানসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা ও যৌথ কার্যক্রম এগিয়ে চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও ১৩৫ থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নানামুখী সীমাবদ্ধতা সত্ত্বেও চিকিৎসকেরা দিনরাত নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছেন। তাঁদের কাজের মাঠপর্যায়ের কঠিন বাস্তবতা ও প্রতিকূলতা অনুধাবন করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সেবামূলক কাজে কোনো ত্রুটি বা ঘাটতি থাকলে তা গঠনমূলক আলোচনার মাধ্যমে শুধরে নেওয়ার ইতিবাচক মানসিকতা রাখতে হবে।
মন্ত্রী আরও উল্লেখ করেন, একটি সুস্থ ও সবল জনগোষ্ঠী ছাড়া দেশের সামগ্রিক অর্থনৈতিক সমৃদ্ধি অসম্ভব। তাই চিকিৎসা পেশার মর্যাদা সমুন্নত রেখে প্রান্তিক পর্যায়ে মানসম্মত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিক হতে হবে।
সরকারি হাসপাতালে রোগীর সেবা বাড়াতে সান্ধ্যকালীন শিফট চালুর বিষয়ে সরকার চিন্তা করছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেক রোগী দুপুরের পর বিকেল বা সন্ধ্যায় হাসপাতালে আসলেও সেবা পান না। নতুন চিকিৎসক ও নার্স নিয়োগ এবং আরও বেশি সংখ্যক টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া হলে সান্ধ্যকালীন শিফট চালুর মাধ্যমে জনগণকে কিভাবে আরও ভালো সেবা দেওয়া যায় সে ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত আসবে।
বেশ কিছুদিন ধরেই সান্ধ্যাকালীন শিফট চালুর বিষয়ে আলোচনা হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আরও একটি শিফট বিকেল বা সন্ধ্যায় চালু করা যায় কি না, সে বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দুই-এক দিনের মধ্যে জানানো হবে বলে আশ্বাস দেন তিনি।
ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. হাসান জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল এবং বাংলাদেশ শিশু হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক।
জেএইচ/