উগান্ডার নতুন রাজা হলেন জনপ্রিয় সাংবাদিক
মেডিভয়েস রিপোর্ট: উগান্ডার ঐতিহাসিক তোওরো রাজ্যের রাজা হিসেবে অভিষিক্ত হয়েছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিডি কিজানাঙ্গোমা। তিনি দীর্ঘদিন রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে সংবাদ উপস্থাপক ও সম্পাদক হিসেবে কাজ করেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ৫৬ বছর বয়সী কিজানাঙ্গোমা তোওরোর বাতোরো জনগোষ্ঠীর ১৩তম রাজা হিসেবে শপথ নেন।
কিজানাঙ্গোমা প্রয়াত রাজা ওয়ো নিম্বা কাবাম্বা ইগুরু রুকিডি চতুর্থের স্থলাভিষিক্ত হয়েছেন। ৩৪ বছর বয়সে গত মাসে ক্যানসারে আক্রান্ত হয়ে ওয়োর মৃত্যু হয়। সম্পর্কে নতুন রাজা কিজানাঙ্গোমা প্রয়াত রাজার চাচাতো ভাই।
উগান্ডা বর্তমানে একটি সাংবিধানিক প্রজাতন্ত্র এবং দেশটি নির্বাচিত প্রেসিডেন্টের মাধ্যমে পরিচালিত হয়। দেশটির চারটি প্রাক-ঔপনিবেশিক রাজপরিবারের কার্যত কোনো রাজনৈতিক ক্ষমতা নেই।
তবে জাতীয় ও স্থানীয় পরিচয়, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক হিসেবে এসব রাজপরিবার এখনও উল্লেখযোগ্য সামাজিক ও সাংস্কৃতিক দায়িত্ব পালন করে।
রাজা হওয়ার পর কিজানাঙ্গোমা নতুন রাজকীয় নাম গ্রহণ করেন—এডওয়ার্ড রুকিডি ন্যাবোঙ্গো প্রথম।
তার অভিষেক ছিল নানা ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানে পরিপূর্ণ। তোওরো রাজ্যের রাজধানী ফোর্ট পোর্টালে আয়োজিত অনুষ্ঠানে একটি ষাঁড় জবাই করা হয় এবং একটি মুরগির রক্ত ছিটানোর মতো ঐতিহ্যবাহী আচার পালন করা হয়।
সিংহাসনে অভিষেকের আগে মধ্যরাত থেকে ভোর ৩টার মধ্যে কিজানাঙ্গোমা হেঁটে কারুজিকা প্রাসাদের দিকে যাত্রা করেন। এরপর রাজমুকুটের জন্য একটি প্রতীকী যুদ্ধেও অংশ নেন। কারুজিকা রাজপ্রাসাদ এলাকায় বহু তরুণ ঐতিহ্যবাহী পোশাকে জড়ো হয়।
তাদের কারও পরনে ছিল টিউনিক, কারও গায়ে কমলা রঙের শাল ও পশুর চামড়া। হাতে ছিল লাঠি ও বর্শা। কেউ কেউ নতুন রাজার সামনে মাটিতে শুয়ে প্রতীকী আনুগত্য প্রকাশ করে।
কিজানাঙ্গোমার রাজা হওয়ার ঘটনাটি বিশেষভাবে আলোচিত হচ্ছে তার সাংবাদিক পরিচয়ের কারণে। রাজসিংহাসনে বসার আগে তিনি দীর্ঘদিন রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে সংবাদ উপস্থাপক ও সম্পাদক হিসেবে কাজ করেন।
এ সুবাধে তিনি হয়ে ওঠেন উগান্ডার জনপ্রিয় ও সুপরিচিত মুখ।
এখন সেই পরিচিত সাংবাদিকই তোওরোর ঐতিহ্যবাহী রাজসিংহাসনের অধিপতি।
এইউ/
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
কোটি টাকার যন্ত্রপাতি বস্তাবন্দি, বিঘ্নিত স্বাস্থ্যসেবা
তেরো মাস আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ফাইল, থমকে গ্রেড বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া