২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২১ পিএম

বান্দরবানের নতুন সিভিল সার্জন ডা. শাহীন

বান্দরবানের নতুন সিভিল সার্জন ডা. শাহীন
ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বান্দরবানের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরীকে দায়িত্ব দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। 

রোববার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েসবাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রশাসন-২ শাখা থেকে ২৭ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী কার্যালয়ে ওএসডি হিসেবে কর্মরত ছিলেন। তাঁকে বান্দরবান পার্বত্য জেলার সিভিল সার্জন (চলতি দায়িত্ব) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

পদায়নতকৃত কর্মকর্তা ২৯ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করার নির্দেশনা দিয়ে আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ কার্যকর করা হয়েছে।

মেডিভয়েস প্রতিবেদকের সঙ্গে ফোনালাপে জেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বাস্থ্য কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন নতুন সিভিল সার্জন।

তিনি বলেন, জেলার সব উপজেলায় সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি সরকারের বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচি, বিশেষ করে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) যথাযথভাবে বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হবে।

সংক্রামক রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী। বলেন, হাম ও ডেঙ্গুসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিলে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে জনসচেতনতা বাড়াতে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, সরকারি উদ্যোগে ইতোমধ্যে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিরাপত্তার জন্য আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। রোগীদের সঙ্গে ভালো আচরণের মাধ্যমে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হবে।

হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেওয়া ও দালালদের দৌরাত্ম্য প্রসঙ্গে তিনি বলেন, বান্দরবানে বেসরকারি হাসপাতালের সংখ্যা ও দৌরাত্ম্য তুলনামূলকভাবে কম হওয়ায় রোগী ভাগিয়ে নেওয়ার ঘটনাও কম। তবে এ ধরনের কোনো কর্মকাণ্ড নজরে এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সমন্বয় করে দালালের দৌরাত্ম্য প্রতিরোধে নজরদারি অব্যাহত থাকবে। কোনো রোগী যাতে হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকবে স্বাস্থ্য বিভাগ।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত