মাহাথির মোহাম্মদের স্ত্রী ডা. সিতি হাসমাহ মোহাম্মদ না ফেরার দেশে
মেডিভয়েস রিপোর্ট: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদর স্ত্রী ডা. সিতি হাসমাহ মোহাম্মদ আলি মারা গেছেন। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ছেলে মোখজানি মাহাথিরের বরাত দিয়ে দেশটির জাতীয় বার্তা সংস্থা বারনামা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।
সিতি হাসমাহর জন্ম ১৯২৬ সালের ১২ জুলাই সেলাঙ্গোরের ক্লাংয়ে। তিনি ছিলেন প্রাক-স্বাধীন মালয়েশিয়ার অন্যতম প্রথম মালয় নারী চিকিৎসক।
তিনি ১৯৫৫ সালে সিঙ্গাপুরের কিংস এডওয়ার্ড সেভেনথ কলেজ অব মেডিসিন থেকে চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি অর্জন করেন। পরে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগ দানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। বিস্তৃত কর্মজীবনে ডা. সিতি হাসমাহ কেদাহসহ দেশের বিভিন্ন এলাকার স্বাস্থ্য প্রতিষ্ঠানে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
কর্মজীবনের বড় অংশে তিনি জনস্বাস্থ্য এবং মা ও শিশু স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করেন।
১৯৫৬ সালে মাহাথির মোহাম্মদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিতি হাসমাহ। এই দম্পতির সাত সন্তানের মধ্যে রয়েছেন সামাজিক কর্মী ও লেখক মেরিনা মাহাথির এবং কেদাহ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী দাতুক সেরি মুখরিজ মাহাথির।
ডা. মাহাথির ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত মালয়েশিয়ার চতুর্থ এবং ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রধানমন্ত্রীর সহধর্মিণী হিসেবে সিতি হাসমাহ স্বাস্থ্য, নারী কল্যাণ ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি গার্ল গাইডস অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়াসহ বিভিন্ন সংগঠনের নেতৃত্বে ছিলেন। পারিবারিক কল্যাণ, নারীর উন্নয়ন ও মাদক প্রতিরোধ আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন।
মাহাথির রাজনীতি থেকে অবসর নেওয়ার পরও স্বামীর পাশাপাশি একজন পরিচিত ও জনপ্রিয় মুখ হিসেবে ছিলেন সিতি হাসমাহ।
২০২৬ সালের আগস্টে এই দম্পতিকে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত বিবাহিত দম্পতি এবং ইতিহাসে রেকর্ডভুক্ত সবচেয়ে প্রবীণ বিবাহিত দম্পতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
ড. সিতি হাসমাহ ছিলেন মৃদুভাষী অথচ দৃঢ় মনোবল ও অটল মানসিকতার অধিকারী। তিনি সর্বদা মাতৃসুলভ মমতায় আশপাশের মানুষের খোঁজ-খবর রাখতেন।
মালয়েশিয়ায় ‘ইবু নেগারা’ বা ‘জাতির মা’ হিসেবে পরিচিত ছিলেন সিতি হাসমাহ। নারীর ক্ষমতায়ন, শিশুদের অধিকার ও সুরক্ষা এবং সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে দীর্ঘদিন কাজ করেছেন তিনি।
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের শোক
তার মৃত্যুতে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সমবেদনা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, সিতি হাসমাহকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হবে। দেশবাসী তার মাতৃসুলভ ভূমিকা ও অবদানের কথা সবসময় স্মরণ করবে। একই সঙ্গে তিনি মাহাথির মোহাম্মদ ও সিতি হাসমাহর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
আনোয়ার ইব্রাহিম বলেন, তার জীবনাবসান সমাজ ও দেশের জন্য বড় ক্ষতি।
এমইউ/
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা
ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা
ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ