২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০২:১৯ পিএম

চিকিৎসা ব্যয় কমাতে রোগ প্রতিরোধ ও জনসচেতনতা জরুরি: ডা. বিটু

চিকিৎসা ব্যয় কমাতে রোগ প্রতিরোধ ও জনসচেতনতা জরুরি: ডা. বিটু
ছবি: সংগৃহীত ও সম্পাদিত

মেডিভয়েস রিপোর্ট: শুধু চিকিৎসা নয়, রোগ প্রতিরোধ ও জনসচেতনতার ওপরও সমান গুরুত্ব দিতে হবে। হৃদরোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ অসংক্রামক রোগ প্রতিরোধে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম, ধূমপান ও তামাক বর্জন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ব হার্ট দিবস-২০২৬ উপলক্ষে কক্সবাজার মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ডিসলিপিডেমিয়া ব্যবস্থাপনা’ বিষয়ক বৈজ্ঞানিক সেমিনারে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দের বিষয়ে তিনি বলেন, ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে জিডিপির ১ দশমিক ০১ শতাংশ বরাদ্দ করা হয়েছে, যা দেশের স্বাস্থ্য খাতে এ যাবৎকালের সর্বোচ্চ। এ ধরনের বিনিয়োগ একটি জনকল্যাণমুখী ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

একজন হৃদরোগ চিকিৎসক হিসেবে ডা. বিটু হার্টের স্টেন্ট, চোখের লেন্স ও ডায়ালাইসিস-সংশ্লিষ্ট চিকিৎসা উপকরণের ওপর কর ও শুল্ক হ্রাসের উদ্যোগকে স্বাগত জানান।

তিনি জানান, এসব পদক্ষেপের ফলে চিকিৎসা ব্যয় কমার পাশাপাশি সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় জীবনরক্ষাকারী চিকিৎসাসেবা আরও সহজলভ্য হবে।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন সুমন।

তিনি মেডিকেল শিক্ষা খাতের আধুনিকায়ন ও যুগোপযোগীকরণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. মিসবাহ উদ্দিন আহমেদ, পরিচালক (মানবসম্পদ ব্যবস্থাপনা) ডা. মো. মাসুদুর রহমান, কক্সবাজার জেলার সিভিল সার্জন ডা. মো. ছাবের হোসেন, কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. মো. জহিরুল ইসলাম জহির এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান।

ডা. মুশফিকা ফেরদৌসীর সঞ্চালনায় বৈজ্ঞানিক সেমিনারের মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন কক্সবাজার মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. লুৎফুন নাহার।

সেমিনারে কক্সবাজার মেডিকেল কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং দেশের বিভিন্ন হাসপাতালে কর্মরত মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থীরা অংশ নেন।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত