হামের উপসর্গে আরও পাঁচ মৃত্যু, মোট প্রাণহানি ৯৫৫
মেডিভয়েস রিপোর্ট: দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু হওয়া হাম পরিস্থিতিতে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৫ জনে।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম পরিস্থিতি নিয়ে প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাদুর্ভাব শুরুর পর থেকে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫৬ জনে। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৫৬ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে আরও ৭৫ জনের। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গযুক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৫৩ হাজার ৬৯২ জনে। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৭২৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট এক লাখ ৩৪ হাজার ৪৩৭ জন। তাদের মধ্যে এক লাখ ২৯ হাজার ৪৮৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন ঢাকা বিভাগের এবং দুজন সিলেট বিভাগের বাসিন্দা ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পরিসংখ্যানে মৃতদের বয়সভিত্তিক বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। তবে হাম সাধারণত শিশুদের মধ্যে বেশি দেখা গেলেও যেকোনো বয়সের মানুষ এ রোগে আক্রান্ত হতে পারেন।
এনএইচ/