২৫ অগাস্ট, ২০২৬ ০৫:৫২ পিএম

৪৮তম বিশেষ বিসিএস: আরও ১৮৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

৪৮তম বিশেষ বিসিএস: আরও ১৮৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ৪৮তম বিশেষ বিসিএসে আরও ১৮৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগ পাওয়া ১৮৪ জনের মধ্যে ১৬৫ জন সার্জন এবং বাকি ১৯ জন সহকারী ডেন্টাল সার্জন।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর মাধ্যমে ১৮৪ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে টাকা ২২০০০-৫৩০৬০/- বেতনক্রমে কয়েকটিতে নিয়োগ প্রদান করা হলো।

এই বিশেষ বিসিএসের প্রথম প্রজ্ঞাপন জারি হয়েছিল গত ২২ জানুয়ারি। সেখানে তিন হাজার ২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

নতুন করে আরও ১৮৪ জনকে নিয়োগ দিয়ে জারি করা আজকের প্রজ্ঞাপনে কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। শর্তগুলোর মধ্যে অন্যতম হলো—তাঁকে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অথবা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে; উক্ত বুনিয়াদি প্রশিক্ষণ শেষে তাঁকে তাঁর চাকরিসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সরকার যেরূপ স্থির করবে, সেরূপ পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

একইসঙ্গে তাঁকে ২ (দুই) বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। প্রয়োজনে সরকার এ শিক্ষানবিশকাল অনূর্ধ্ব দুই বছর বর্ধিত করতে পারবে। শিক্ষানবিশকালে যদি তিনি চাকরিতে বহাল থাকার অনুপযোগী বলে বিবেচিত হন, তবে কোনো কারণ দর্শানো ছাড়াই এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শ ব্যতিরেকে তাঁকে চাকরি থেকে অপসারণ করা যাবে। এছাড়া উপানুচ্ছেদ (ক) ও (খ)–এ উল্লিখিত প্রশিক্ষণ সাফল্যের সঙ্গে সমাপন, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে অতিক্রান্ত হলে তাঁকে চাকরিতে স্থায়ী করা হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে এসব প্রার্থীকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে যোগদান করতে হবে। নিয়োগ পাওয়া ১৮৪ জনের মধ্যে ১৬৫ জন সার্জন এবং বাকি ১৯ জন সহকারী ডেন্টাল সার্জন।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত