রমেকে আইডিএস নির্বাচন বর্জন করে পাল্টা কমিটি: সভাপতি ফুয়াদ, সম্পাদক জাহিদ
মেডিভয়েস রিপোর্ট: রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) উদ্যোগে 'ইন্টার্ন ডক্টরস ফোরাম'-এর ২০২৬ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (২২ আগস্ট) এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
এর আগে ইন্টার্ন ডক্টরস সোসাইটি (আইডিএস) নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে গত ১৯ আগস্ট অনুষ্ঠিত নির্বাচনে ডা. শাহনেওয়াজ-ডা. মো. রিয়াদ-উল-ইসলাম প্যানেলের কমিটি বয়কট করে নতুন এই কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রমেকেহার ৪৯তম ব্যাচের ডা. মুহতাসিম ফুয়াদ মিল্কী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ৫০তম ব্যাচের ডা. জাহিদুল ইসলাম।
এছাড়া কমিটিতে ডা. রিফাত আহমেদকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। সদ্য আইডিএস (ইন্টার্ন ডক্টরস সোসাইটি) নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বয়কট করা প্রার্থীরা এখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন।
এনডিএফের রংপুর বিভাগীয় কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. মোহাম্মদ হোসেন এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আজাহার আলী শাহ নতুন এই কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেন।
এ বিষয়ে জানতে চাইলে নবগঠিত কমিটির সভাপতি ডা. ফুয়াদ বলেন, ‘ডাক্তারদের পেশাজীবী সংগঠন এনডিএফ কর্তৃক রমেক হাসপাতালের শাখা কমিটি হিসেবে আইডিএফ (ইন্টার্ন ডক্টরস ফোরাম) গঠিত হয়েছে। আমরা ইন্টার্ন ডাক্তারদের পাশে থেকে আমাদের অধিকার আদায়ে কাজ করে যাবো।’
সংশ্লিষ্টরা মনে করছেন, রমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের চলমান নির্বাচনী উত্তাপ এবং ফুয়াদ-জাহিদ প্যানেলের নির্বাচন বয়কটের পর আইডিএফের এই পৃথক কমিটি গঠন তাৎপর্যপূর্ণ ভুমিকা রাখবে।
এমআই/