১৮ অগাস্ট, ২০২৬ ১০:৩৫ এএম

বাদপড়া এলাকায় হাম-রুবেলার আরও ১৬ লাখ টিকা দেওয়ার সিদ্ধান্ত 

বাদপড়া এলাকায় হাম-রুবেলার আরও ১৬ লাখ টিকা দেওয়ার সিদ্ধান্ত 
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: দেশের যেসব ছোট ছোট এলাকায় হাম ও রুবেলার টিকাদান কর্মসূচি থেকে শিশু বাদ পড়েছে, সেসব এলাকায় বিশেষভাবে টিকাদান কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে হাম আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা আরও কার্যকর করতে ক্লিনিক্যাল গাইডলাইন ব্যাপকভাবে প্রচার এবং চিকিৎসকদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত টিকাবিষয়ক আন্তসংস্থা সমন্বয় কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

সভায় দেশের চলমান হাম পরিস্থিতি, আক্রান্ত শিশুদের বয়স, টিকার আওতা এবং রোগী ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্বাস্থ্যসচিব জানান, দেশের কিছু এলাকায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সব শিশু টিকা পায়নি। এসব এলাকায় বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে সরকারের হাতে প্রায় ১৬ লাখ টিকা মজুত রয়েছে বলেও জানান তিনি।

সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, হাম আক্রান্তদের মধ্যে প্রায় ১০ শতাংশের বয়স ছয় মাসের কম। ৭৪ শতাংশের বয়স ছয় মাস থেকে ৫৯ মাসের মধ্যে। আক্রান্তদের ১৪ শতাংশের বয়স পাঁচ থেকে ১০ বছর এবং বাকি দুই শতাংশের বয়স ১০ বছর থেকে ১৪ বছর বা তার বেশি।

এদিকে হাম আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা উন্নত করতে আগে থেকে প্রস্তুত করা ক্লিনিক্যাল গাইডলাইনটি মাঠপর্যায়ে ব্যাপকভাবে প্রচারের সিদ্ধান্ত হয়েছে। চিকিৎসকেরা যাতে গাইডলাইন অনুযায়ী রোগী ব্যবস্থাপনা করতে পারেন, সে জন্য প্রশিক্ষণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে সভায়।

তবে ছয় মাসের কম বয়সী এবং পাঁচ বছরের বেশি বয়সী শিশুদের মধ্যে হাম আক্রান্তের বিষয়টি নিয়ে আলোচনা হলেও তাদের জন্য নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সভায় আগামী বছর টিকার ঘাটতি এড়াতে আগাম পরিকল্পনা গ্রহণের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি নিয়মিত টিকাদান কর্মসূচি আরও শক্তিশালী করতে মাঠপর্যায়ের শূন্য পদগুলোতে দ্রুত জনবল নিয়োগের প্রয়োজনীয়তার কথা উঠে আসে।

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৫ এপ্রিল থেকে ১৭ আগস্ট পর্যন্ত ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী এক কোটি ৯৩ লাখ ৬৩ হাজার ৯১২ শিশুকে হামের এক ডোজ টিকা দেওয়া হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮১৫ জনে। এর বাইরে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন। সব মিলিয়ে চলতি বছরে হাম সংশ্লিষ্ট মৃত্যুর সংখ্যা ৯১৪ জনে পৌঁছেছে। মৃতদের বড় একটি অংশের বয়স পাঁচ বছরের কম এবং তাদের অনেকেই কোনো টিকা পায়নি।

চলমান পরিস্থিতিতে টিকাদান কর্মসূচির আওতা বাড়ানোর পাশাপাশি রোগ শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনা আরও কার্যকর করার ওপর জোর দিচ্ছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

এনএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক